Image description

সুস্থ থাকার আশায় রংপুরে চিকিৎসা নিতে গিয়েছিলেন তারা। কিন্তু চিকিৎসা শেষে ফেরার পথে ঘাতক ট্রাক কেড়ে নিল শিশুসহ ৫ জনের প্রাণ। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার বাঁশের তল এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ও আহত সকলের বাড়ি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায়।

নিহতরা হলেন—ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাই গ্রামের শামীম হোসেন (৩২) ও তার ৮ বছরের শিশু কন্যা ছাদিয়া, একই পরিবারের বাবু মিয়ার স্ত্রী তামান্না (২৮), জাহিদুল ইসলামের ছেলে নুরনবী (২৮) এবং সাইফুর রহমানের ছেলে মাইক্রোবাস চালক লিমন (৩০)। বুধবার সকালে মরদেহগুলো গ্রামে পৌঁছালে স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, বঙ্গসোনাহাট স্থলবন্দর থেকে পাথর বোঝাই একটি ট্রাক কুড়িগ্রাম যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান। পরে নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর একজন এবং উন্নত চিকিৎসার জন্য রংপুর নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত আরও অন্তত ৯ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের কুড়িগ্রাম ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছেন। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, ঘটনাটি নাগেশ্বরী থানার আওতাধীন হওয়ায় আইনগত বিষয়টি তারাই তদারকি করছেন।

মানবকণ্ঠ/ডিআর