Image description

দেশের বাজারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে আরও ৪ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা থেকে বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সচিবালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত এক বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই ঘোষণা দেন।

বাণিজ্যমন্ত্রী জানান, বোতলজাত সয়াবিনের পাশাপাশি খোলা সয়াবিন তেলের দামও লিটারে ৪ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে প্রতি লিটার খোলা সয়াবিন তেল এখন থেকে ১৭৯ টাকায় বিক্রি হবে, যা আগে ছিল ১৭৫ টাকা।

বৈশ্বিক পরিস্থিতিতে পণ্যের মূল্যবৃদ্ধির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, "বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা চলছে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রতি ব্যারেল ১১১ ডলার ছাড়িয়ে গেছে। এর প্রভাব আমাদের বাজারেও পড়েছে। আমরা আশা করি, সাধারণ ভোক্তারা বৈশ্বিক এই সংকট বিবেচনায় নেবেন।" তবে তিনি আশ্বাস দেন যে, আন্তর্জাতিক বাজারে দাম কমলে দ্রুত দেশের বাজারেও তার প্রতিফলন দেখা যাবে।

বাণিজ্যমন্ত্রী আরও জানান, বাজারে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের কৃত্রিম সংকট বা অনিয়ম রোধে সরকারের মনিটরিং কার্যক্রম আরও জোরদার করা হবে। আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

মানবকণ্ঠ/আরআই