বগুড়া সিটির নতুন প্রশাসক নিয়োগ, সেপ্টেম্বরে শুরু স্থানীয় সরকার নির্বাচন
দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে সদ্য গঠিত বগুড়া সিটি করপোরেশনের নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীনকে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই তথ্য নিশ্চিত করেন।
প্রতিমন্ত্রী জানান, বর্ষা মৌসুমের শেষে চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। আগামী এক বছরের মধ্যে পর্যায়ক্রমে পাঁচটি স্তরের স্থানীয় সরকার নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে সরকারের। এই সময়ের মধ্যেই নতুন বগুড়াসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও সম্পন্ন করা হবে।
মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সঙ্গে বিপুল অর্থ বরাদ্দের বিষয় জড়িত। আগামী বাজেটে স্থানীয় নির্বাচনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হবে। এ-সংক্রান্ত ব্যয়ের বিবরণ জানতে ইতোমধ্যে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দেয়া হয়েছে।
তিনি বলেন, নির্বাচন কমিশন প্রথমে তাদের বাজেট প্রস্তাব পাঠাবে। সেটি অনুমোদনের পর ধাপে ধাপে ৫টি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। বাজেট পাস হওয়ার পর নির্বাচন কমিশন, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং অর্থ বিভাগ যৌথ বৈঠকের মাধ্যমে চূড়ান্ত করবে কোন নির্বাচনটি আগে শুরু হবে।




Comments