অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় করে ইতিহাস গড়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১১ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে ৫ উইকেটে হারিয়েছে টাইগাররা। টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। এর আগে সিরিজের প্রথম ম্যাচেও বৃষ্টি আইনে ৮৬ রানের বড় ব্যবধানে জয় পেয়েছিল স্বাগতিকরা।
এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান আশা প্রকাশ করেন যে, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এই সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি বলেন, “এই ঐতিহাসিক অর্জন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী ও অনুপ্রাণিত করে তুলবে। দলগত ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস বজায় রেখে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্ব ক্রিকেটে আরও বড় বড় সাফল্য বয়ে আনবে বলে আমার বিশ্বাস।”
প্রধানমন্ত্রী এই অনন্য সাফল্যের জন্য খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments