বেনজীর আহমেদ গ্রেপ্তার
আমিরাতের চিঠি, ৩০ দিনের মধ্যে প্রত্যর্পণের অনুরোধ
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাতের আইনশৃঙ্খলা বাহিনী। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার পরিপ্রেক্ষিতে জারি হওয়া ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে গত ১২ জুন তাকে আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আবুধাবি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের এনসিবি ঢাকাকে অবহিত করেছে। একই সঙ্গে গ্রেপ্তারের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
জানা গেছে, দুদকের দায়ের করা মামলার ভিত্তিতে বাংলাদেশ ইন্টারপোলের সহযোগিতা চায়। পরবর্তীতে ইন্টারপোলের রেড নোটিশ জারির পর সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ বেনজীর আহমেদকে আটক করে। ইন্টারপোলের রেড নোটিশ কোনো আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা নয়; তবে এটি সদস্য রাষ্ট্রগুলোকে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত ও সাময়িকভাবে আটক করার অনুরোধ জানায়।
বাংলাদেশ সরকার ইতোমধ্যে তাকে দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া শুরু করেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। প্রত্যর্পণ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রয়োজনীয় নথিপত্র, আদালতের আদেশ ও মামলার তথ্য আমিরাত কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়সীমার মধ্যে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন জমা দেওয়া হলে পরবর্তী সিদ্ধান্ত নেবে সংযুক্ত আরব আমিরাতের বিচারিক কর্তৃপক্ষ।
মানবকণ্ঠ/আরআই




Comments