মালয়েশিয়া ও চীনে রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) রাত পৌনে ৮টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে বাংলাদেশ সময় বিকেল ৩টায় চীনের বেইজিং থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং সফরসঙ্গীরা।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির সিনিয়র নেতারা, মন্ত্রিপরিষদের সদস্য এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তবে প্রধানমন্ত্রীর সফর শেষে দেশে ফেরা উপলক্ষে কোনো শোভাযাত্রা বা র্যালি না করার নির্দেশনা দেওয়া হয়েছিল।
চীন সফরের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠক শেষে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে দুটি চুক্তি এবং ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
অন্যদিকে, মালয়েশিয়া সফরেও দুই দেশের মধ্যে তিনটি চুক্তি এবং একটি সমঝোতা স্মারক সই হয়েছে। সফর দুটিতে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, প্রযুক্তি ও অন্যান্য কৌশলগত খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।




Comments