Image description

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১২৪টি হজ ফ্লাইটে মোট ৪৮ হাজার ৬০৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

শুক্রবার (৮ মে) হজ সম্পর্কিত আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। তবে হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগেই এখন পর্যন্ত সৌদিতে ১০ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৪ হাজার ৫৩৪ জন। এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। সেই হিসেবে অর্ধেকের বেশি হজযাত্রী ইতিমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন।

হজ বুলেটিনে বলা হয়েছে, ১০ জন মৃতের মধ্যে মক্কায় ৮ জন ও মদিনায় ২ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে দুইজন মহিলা।

বুলেটিনে জানানো হয়েছে, মোট ১২৪টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৫৭টি ফ্লাইটে ২২ হাজার ৮১৯ জন যাত্রী পরিবহন করেছে। 

এছাড়া সৌদি এয়ারলাইনস ৪৬টি ফ্লাইটে ১৭ হাজার ২৯২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২১টি ফ্লাইটে ৮ হাজার ৪৯৪ জন হজযাত্রীকে সৌদি আরবে পৌঁছে দিয়েছে।

এ বছর মোট ৬৬০টি অনুমোদিত এজেন্সি হজ কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে ৩০টি লিড এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে। গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে এ বছরের প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার উদ্দেশে রওনা হয়। 

চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। হজ পালন শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। আগামী ৩০ জুন শেষ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হবে।