‘শাকিব খানকে কি ভূতে ধরছে’: ‘রকস্টার’ দেখে বিস্ফোরক মন্তব্য নায়লা নাঈমের
পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’ দেখে চরম বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী ডা. নায়লা নাঈম। সিনেমাটির মান নিয়ে প্রশ্ন তুলে তিনি একে ‘অখাদ্য’ হিসেবে অভিহিত করেছেন এবং শাকিব খানের সিনেমা নির্বাচন নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন।
আজমান রুশো পরিচালিত এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন তানজিয়া মিথিলা, সাবিলা নূর ও সুনিধি নায়েক। মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ দর্শকদের নেতিবাচক রিভিউয়ের বন্যা বইছে। এবার সেই তালিকায় যোগ দিলেন শাকিবিয়ান হিসেবে পরিচিত নায়লা নাঈম।
নিজের ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে নায়লা নাঈম লিখেন, "শাকিবিয়ানদের সঙ্গে পরিচালক এমন ধোঁকা দেবেন তা কোনোদিন কল্পনাও করিনি। সিনেমায় না ছিল কোনো কাহিনী, না ছিল গল্পের গভীরতা।" তিনি আরও জানান, তাঁর সাথে যে সিনেমা দেখতে গিয়েছিলেন, তিনি শেষ এক ঘণ্টা হলে ঘুমিয়েছেন। অথচ শাকিবেরই ‘প্রিয়তমা’ দেখে তিনি কাঁদতে কাঁদতে হল থেকে বের হয়েছিলেন।
বিস্ময় প্রকাশ করে নায়লা নাঈম প্রশ্ন তোলেন, "প্রিয়তমা, রাজকুমার কিংবা বরবাদের মতো কাজ করার পর শাকিব খানকে কি ভূতে ধরছে? কেন তিনি ফ্যান ফলোয়ারদের এমন ফালতু ও অখাদ্য সিনেমা একটার পর একটা উপহার দিচ্ছেন?" তিনি আরও বলেন, "পুরো মুভিতে শাকিব খান ছাড়া আর দেখার মতো কিছুই ছিল না। না হলে আল্লাহর কসম, হল থেকে বেরিয়ে টাকা ফেরত চাইতাম।"
অভিনয়শিল্পী নির্বাচন নিয়েও কটাক্ষ করেন নায়লা। তিনি মারিয়া মিমের একটি সাম্প্রতিক উক্তি টেনে বলেন, শাকিবের বিপরীতে এখন সিনেমার নায়িকার বদলে নাটকের নায়িকাদের ভিড় বাড়ছে, যা গল্পের গভীরতা নষ্ট করছে। মিউজিক নির্ভর সিনেমা হওয়া সত্ত্বেও এতে উল্লেখযোগ্য কোনো গান নেই বলেও তিনি অভিযোগ করেন।
সবশেষে সুপারস্টার শাকিব খানকে সতর্ক করে নায়লা নাঈম বলেন, "পরিচালক এবং গল্প নির্বাচনে আরও সতর্ক হোন। হিমেল আশরাফ, মেহেদী হাসান হৃদয় বা রায়হান রাফী—যারা আপনাকে বোঝে এবং দর্শক কী চায় তা জানে, তাদের সাথেই আপনার কাজ করা উচিত। আমার টিকিটের টাকা আর পপকর্ন-ড্রিঙ্কসের টাকাগুলো একদম বৃথা গেল।"
মানবকণ্ঠ/আরআই




Comments