সাংবাদিকের সঙ্গে বিতর্ক এবং জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে নিঃশর্ত ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে ক্ষমা প্রার্থনার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এ নোটিশ পাঠিয়েছেন। শনিবার (৭ নভেম্বর) পরীমনি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের ঠিকানায় নোটিশটি পাঠানো হয়।
নোটিশে বলা হয়েছে, ঢাকার আদালত প্রাঙ্গণে সংঘটিত ঘটনার জন্য আগামী সাত দিনের মধ্যে পরীমনিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। পাশাপাশি ভবিষ্যতে অশ্লীল বক্তব্য, হুমকি, অশ্লীল অভিনয় ও অঙ্গভঙ্গি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া পরীমনির বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৫ নভেম্বর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের সঙ্গে পরীমনির বাগ্বিতণ্ডার ঘটনা ঘটে। পরীমনি ও তার দেহরক্ষীদের অভিযোগ, ওই সাংবাদিক তার গায়ে হাত দিয়েছিলেন। অন্যদিকে সাংবাদিকের দাবি, ভিডিও ধারণের সময় পরীমনি তার ফোন কেড়ে নেন এবং ট্রাইপড ভেঙে ফেলেন।
এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনির একটি আপত্তিকর পোস্ট ঘিরেও সমালোচনা তৈরি হয়।
বিএইচ
