ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মোকাবিলায় সৌদি আরবকে সামরিক সহায়তা দিতে দেশটিতে সেনা ও সামরিক উপদেষ্টা পাঠিয়েছে সিরিয়া। ইতোমধ্যে কয়েক ডজন সিরীয় সামরিক কর্মকর্তা সৌদি আরবে পৌঁছেছেন। আগামী সপ্তাহে দেশটিতে প্রায় ৬০০ বিশেষ বাহিনীর সদস্য পাঠানোর প্রস্তুতি চলছে। তবে ইয়েমেনে সরাসরি সেনা পাঠানোর খবর অস্বীকার করেছে দামেস্ক।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাতে আলজাজিরা জানিয়েছে, সিরিয়ার সামরিক উপদেষ্টারা ইতোমধ্যে সৌদি আরবে অবস্থান করছেন। তাঁরা সেখানে সৌদি ও ইয়েমেনি বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছেন। প্রাথমিকভাবে প্রায় ৬০০ সিরীয় বিশেষ বাহিনীর সদস্য সৌদি আরবে পাঠানোর পরিকল্পনা রয়েছে। তাঁদের সৌদি-ইয়েমেন সীমান্তসংলগ্ন এলাকায় মোতায়েন করা হতে পারে।
এর আগে গত ৬ নভেম্বর বার্তা সংস্থা রয়টার্স জানায়, সিরিয়ার কয়েক ডজন সামরিক কর্মকর্তা সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবে গেছেন। তাঁরা দেশটির পাশাপাশি সৌদি আরবে অবস্থানরত ইয়েমেনি বাহিনীকে সামরিক পরামর্শ ও প্রশিক্ষণ দিচ্ছেন। তাঁদের দায়িত্ব ভবিষ্যতে আরও বিস্তৃত হতে পারে বলেও রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
কী কাজে থাকবেন সিরীয় সেনারা
এপি জানায়, সিরিয়ার ৮২তম ডিভিশনের কমান্ডার খালেদ খাত্তাবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সম্প্রতি দুই সপ্তাহ সৌদি আরব সফর করেছে। এ ছাড়া ৩৬ জন সিরীয় সামরিক কর্মকর্তা জেদ্দায় সৌদি ও ইয়েমেনি কর্মকর্তাদের পরিচালিত যৌথ কমান্ড ও অপারেশন সেন্টার পরিদর্শন করেন। সেখানে তাঁদের যুদ্ধের সম্মুখসারির পরিস্থিতি ও বিভিন্ন সামরিক অভিযানের বিষয়ে ব্রিফ করা হয়।
সিরিয়ার এক সরকারি কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, সৌদি আরবে পাঠানো সেনাদের দায়িত্ব হবে প্রশিক্ষণ, সামরিক অভিজ্ঞতা বিনিময় ও পরামর্শ দেওয়া। তবে তাঁদের সম্ভাব্য দায়িত্বের পরিধি নিয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
সিরিয়ার সেনারা ইয়েমেনে সরাসরি যুদ্ধে অংশ নেবেন কি না, তা নিয়েও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে ভিন্নতা রয়েছে। এপি জানিয়েছে, প্রস্তাবিত ৬০০ সদস্যের বাহিনী সৌদি আরবেই মোতায়েনের পরিকল্পনা রয়েছে। রয়টার্সও সামরিক উপদেষ্টা ও প্রশিক্ষকদের সৌদি ভূখণ্ডে কাজ করার কথা জানিয়েছে।
দামেস্কের বক্তব্য কী
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানাকে দেওয়া বক্তব্যে দেশটির এক সরকারি কর্মকর্তা জানান, সৌদি আরবে সেনা পাঠানো হয়েছে প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় ও সামরিক পরামর্শের উদ্দেশ্যে।
তবে ইয়েমেনে সেনা পাঠানোর খবর অস্বীকার করেছে সিরিয়া। দামেস্কের দাবি, দেশটির সামরিক সহযোগিতার বিষয়টি সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির আওতায় পরিচালিত হচ্ছে।
রয়টার্সকে দেওয়া বক্তব্যে সিরিয়ার এক জ্যেষ্ঠ কূটনীতিকও বলেন, দেশটির অগ্রাধিকার এখন অভ্যন্তরীণ নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা ও পুনর্গঠন। ইয়েমেন যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়লে সিরিয়া বৃহত্তর আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে পড়তে পারে বলে যুক্তরাষ্ট্রও দামেস্ককে সতর্ক করেছে।
পাকিস্তানের সঙ্গে সৌদির সামরিক সম্পর্ক
সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের সামরিক সম্পর্ক দীর্ঘদিনের। ১৯৮০-এর দশকের শুরু থেকেই দেশটিতে পাকিস্তানি সেনারা অবস্থান করছেন। তাঁদের সংখ্যা প্রকাশ করা হয়নি। তাঁরা সৌদি বাহিনীকে প্রশিক্ষণ ও সামরিক পরামর্শ দিয়ে আসছেন।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মধ্যে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।
সম্প্রতি সৌদি আরবে হুথিদের হামলা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে চুক্তিটি বাস্তবায়নে তৎপরতা বাড়িয়েছে তিন দেশ। তবে পাকিস্তান সৌদি আরবে ৩০ থেকে ৪০ হাজার সেনা পাঠিয়েছে—এমন খবরকে দেশটির তথ্য মন্ত্রণালয় অনুমাননির্ভর বলে প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানের সম্ভাব্য সহায়তার মধ্যে আকাশ প্রতিরক্ষা, ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা ও কারিগরি সহযোগিতার বিষয় রয়েছে।
সিরিয়া-সৌদি সামরিক সহযোগিতা ভবিষ্যতে এই মক্কা প্রতিরক্ষা চুক্তির সঙ্গে যুক্ত হতে পারে বলেও আলোচনা রয়েছে। তবে সিরিয়া এখনো ওই চুক্তির সদস্য নয়।
কেন সৌদি আরবের সহায়তা প্রয়োজন
২০১৪ সালের সেপ্টেম্বরে ইয়েমেনের রাজধানী সানা দখল করে হুথি বিদ্রোহীরা। পরের বছর মার্চে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সহায়তা দিতে সৌদি আরবের নেতৃত্বে সামরিক জোট অভিযান শুরু করে। দীর্ঘ সংঘাতের পরও হুথিদের সামরিকভাবে পরাস্ত করা সম্ভব হয়নি।
ইরান-সমর্থিত হুথিরা সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন শহর, বিমানবন্দর ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। পাল্টা সৌদি আরবও ইয়েমেনে বিমান হামলা চালিয়ে আসছে। জুলাই থেকে সংঘাত আরও তীব্র হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
সৌদি আরবের লক্ষ্য হচ্ছে হুথিদের হামলা মোকাবিলা, নিজেদের ভূখণ্ড ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা এবং ইয়েমেনে মিত্র বাহিনীর সামরিক সক্ষমতা বাড়ানো। দীর্ঘ গৃহযুদ্ধে অভিজ্ঞতা অর্জন করা সিরীয় সেনারা এ ক্ষেত্রে প্রশিক্ষণ ও সামরিক পরামর্শ দিয়ে সৌদিকে সহায়তা করতে পারে।
সিরিয়ার জন্য কী অর্থ বহন করছে
২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদের সরকারের পতনের পর সিরিয়ার নতুন নেতৃত্ব আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে উদ্যোগী হয়েছে। সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা সেই প্রচেষ্টারই অংশ হিসেবে দেখা হচ্ছে।
গত ৪ নভেম্বর সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা রিয়াদ সফরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। ওই সফরে দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। পাশাপাশি সিরিয়ার অবকাঠামো ও বিভিন্ন খাতের পুনর্গঠনে ৪০ কোটি ৩০ লাখ ডলারের বেশি উন্নয়ন ঋণ দেওয়ার চুক্তি করে সৌদি আরব।
বিশ্লেষকদের মতে, সৌদি আরবের সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার হলে আঞ্চলিক নিরাপত্তা কাঠামোয় সিরিয়ার অবস্থান শক্তিশালী হতে পারে। একই সঙ্গে ইসরায়েলের সামরিক তৎপরতা মোকাবিলায় সৌদি আরবের মতো আঞ্চলিক শক্তির সমর্থন পাওয়ার সুযোগ তৈরি হতে পারে।
তবে ইয়েমেন সংঘাতে সরাসরি জড়িয়ে পড়লে সিরিয়ার জন্য নতুন ঝুঁকিও তৈরি হবে। ইরান-সমর্থিত হুথিদের সঙ্গে সংঘাতে জড়ালে পাল্টা হামলার আশঙ্কা রয়েছে। দীর্ঘ গৃহযুদ্ধের পর পুনর্গঠনের চেষ্টায় থাকা সিরিয়ার জনগণের কাছে বিদেশে সেনা হতাহত হওয়ার বিষয়টিও রাজনৈতিকভাবে সংবেদনশীল হতে পারে।
সূত্র আল জাজিরা

