ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের অবসান এবং দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে মতপার্থক্য দূর করতে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। এরই অংশ হিসেবে সোমবার (৯ নভেম্বর) মধ্যরাতে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির। বৈঠকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সেরও অংশ নেওয়ার কথা রয়েছে।
কাতারের প্রধানমন্ত্রী একই সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবেও তিনি পরিচিত। এদিকে কাতারের মধ্যস্থতায় ইরানের দেওয়া দুই দিনের একটি প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র। তবে আলোচনায় অগ্রগতি নিয়ে দুই পক্ষের বক্তব্যে এখনো স্পষ্ট ব্যবধান রয়েছে।
আলজাজিরার এক বিশ্লেষণে আলোচনার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
ইরানের সর্বশেষ অবস্থান কী?
গত বৃহস্পতিবার কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নতুন পারমাণবিক ও শান্তি প্রস্তাব পাঠায় ইরান। তেহরানের বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র তাদের সাতটি শর্ত মেনে নেওয়ার পরই এ প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে। বর্তমানে প্রস্তাবটি পর্যালোচনা করছে ওয়াশিংটন।
ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তথ্য অনুযায়ী, দেশটির কাছে ৬০ শতাংশ বিশুদ্ধতায় সমৃদ্ধ ৪৪০ দশমিক ৯ কেজি ইউরেনিয়াম রয়েছে। অস্ত্র তৈরির উপযোগী ৯০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের তুলনায় এটি এক ধাপ দূরে।
২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার পর ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়ায়। বারাক ওবামার আমলে করা ওই চুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সীমা ৩ দশমিক ৬৭ শতাংশের নিচে নির্ধারণ করা হয়েছিল।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গত মাসে আলজাজিরাকে জানান, কাতারের মধ্যস্থতায় দুই দিনের প্রস্তাবটি তৈরি করা হয়েছে। সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে ইরানের ঘোষিত সাত দিনের পরিকল্পনার ভিত্তিতে এটি প্রণয়ন করা হয়।
প্রস্তাব অনুযায়ী, প্রথম দিনে যুক্তরাষ্ট্র কিছু পদক্ষেপ নেবে। দ্বিতীয় দিনে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে এবং সেখানে জাহাজ চলাচল স্বাভাবিক করা হবে।
ইরানের সাতটি দাবির মধ্যে রয়েছে—ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারক ভেঙে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি কমানো, জুনে দেওয়া তেল রপ্তানির ছাড় পুনর্বহাল এবং কাতারসহ বিভিন্ন স্থানে আটকে থাকা ইরানের অর্থ ছাড় করা।
এ ছাড়া হরমুজ প্রণালিতে ইরান ও ওমানের নির্ধারণ করা নতুন নৌপথের আনুষ্ঠানিক স্বীকৃতি এবং অন্য নৌপথগুলো বন্ধ করার দাবি জানিয়েছে তেহরান। পাশাপাশি লেবাননে ইসরায়েলের হামলাসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের শর্তও দিয়েছে দেশটি।
ট্রাম্প ও রুবিও কী বলছেন?
রোববার ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আবার শুরু হলে হামলার জন্য নতুন লক্ষ্যবস্তু চিহ্নিত করেছে ওয়াশিংটন। তবে আলোচনার মাধ্যমে শক্তিশালী কোনো চুক্তি হলে নতুন করে হামলার সম্ভাবনা খুব কম বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে কাতারের প্রধানমন্ত্রী জানিয়েছেন, মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সমাধানের পথে এগোতে যুক্তরাষ্ট্রের সদিচ্ছা ও পদক্ষেপ নেওয়ার আগ্রহ রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার ট্রাম্পও নিশ্চিত করেন, ইরানের প্রতিনিধিদের সঙ্গে হোয়াইট হাউসের যোগাযোগ চলছে এবং আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বক্তব্যে ভিন্ন চিত্র পাওয়া গেছে। রোববার ফ্লোরিডায় সাংবাদিকদের তিনি বলেন, ইরানের সঙ্গে আলোচনায় তেমন অগ্রগতি হয়নি। ট্রাম্প কূটনৈতিক সমাধান চান, তবে ইরানের দাবিগুলো অগ্রহণযোগ্য, এমনকি কিছু দাবি অবাস্তব ও অযৌক্তিক বলেও মন্তব্য করেন তিনি।
রুবিও বলেন, আলোচনায় বড় ধরনের অগ্রগতির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে—এমনটা তিনি মনে করেন না।
যুদ্ধ কোন দিকে যাচ্ছে?
মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে আবার হামলা শুরুর জন্য ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপার।
অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এক মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়েছে, ইরানে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরুর প্রস্তুতি নিচ্ছে সেন্টকম। ওয়াশিংটনের নির্দেশের অপেক্ষায় রয়েছে তারা।
গত বৃহস্পতিবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরানের বাকি অংশও ধ্বংস করতে হতে পারে। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলে শিগগিরই তা জানা যাবে বলেও মন্তব্য করেন তিনি।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরি প্রস্তুত রয়েছে জানিয়ে ট্রাম্প বলেন, প্রয়োজন হলে আবারও হামলা চালানো হবে। সামরিক অভিযান শুরু হলে ইরানের ৩৮টি সেতুসহ বিভিন্ন অবকাঠামো লক্ষ্যবস্তু করা হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে গত সপ্তাহে অন্তত দুইবার ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থাসহ বিভিন্ন স্থাপনায় সীমিত হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। শনিবার ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছে—এমন অভিযোগে একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে সেটিকে অকার্যকর করে দেওয়া হয়।
রুবিও বলেছেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র আত্মরক্ষামূলক পদক্ষেপ নেবে। ওই অঞ্চলে মার্কিন বাহিনী বা নৌ চলাচলের জন্য স্পষ্ট ও তাৎক্ষণিক হুমকি তৈরি হলে আত্মরক্ষার অধিকার ওয়াশিংটনের রয়েছে।
অন্যদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ ও বিমানবাহিনীও রোববার পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আলী বেলালি বলেছেন, দেশটির সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। প্রতিপক্ষ কোনো ভুল করলে ইরানের জবাব হবে ভয়াবহ ও কঠোর।
সব মিলিয়ে কাতারের মধ্যস্থতায় নতুন প্রস্তাব নিয়ে আলোচনা চললেও যুদ্ধ বন্ধের বিষয়ে এখনো দুই পক্ষের অবস্থানে বড় ব্যবধান রয়েছে। কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বৈঠক সেই অচলাবস্থা কাটাতে কতটা ভূমিকা রাখে, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।
আলজাজিরায় প্রকাশিত মূল নিবন্ধটি সংক্ষেপিত ও অনুবাদ করেছেন দৈনিক মানবকণ্ঠের জ্যেষ্ঠ সহসম্পাদক নুর আলম সিদ্দিকী।
প্রবন্ধ, নিবন্ধ, সাক্ষাৎকার ও প্রতিক্রিয়ায় প্রকাশিত মতামত সংশ্লিষ্ট লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও বিশ্লেষণের প্রতিফলন। এগুলো দৈনিক মানবকণ্ঠের সম্পাদকীয় নীতি বা অবস্থানের সঙ্গে সর্বদা মিল নাও থাকতে পারে। প্রকাশিত লেখায় উপস্থাপিত ব্যাখ্যা-বিশ্লেষণ, তথ্য-উপাত্ত এবং রাজনৈতিক, অর্থনৈতিক বা আইনগতসহ সংশ্লিষ্ট বিষয়গুলোর যথার্থতা ও মতামতের দায় লেখক ও মূল উৎসের। এ বিষয়ে দৈনিক মানবকণ্ঠ কর্তৃপক্ষের অবস্থান সম্পূর্ণ নিরপেক্ষ।
এনএ

