বিমানবন্দরের বিপরীতে গড়ে উঠছে হাকিম উদ্দিন ভূঁইয়া অত্যাধুনিক হাসপাতাল
রাজধানী ঢাকায় সাধারণ ও নিম্নবিত্ত মানুষের জন্য মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে আশিয়ান গ্রুপ। এ উদ্যোগের অংশ হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিপরীতে হাজী ক্যাম্প সংলগ্ন এলাকায় নির্মাণাধীন হাকিম উদ্দিন ভূঁইয়া ৫০০ শয্যা বিশিষ্ট মাল্টিস্পেশালিটি হাসপাতালের পাইলিং কাজের মাধ্যমে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার আশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম ভূঁইয়ার পক্ষে তার ভাই জাহিদুল ইসলাম ভূঁইয়া, মেয়ে অনামিকা ইসলাম ভূঁইয়া ও ছেলে আরফিন ইসলাম ভূঁইয়া হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রায় সাড়ে ৭ একর জমির ওপর নির্মিতব্য হাসপাতালটি বিমানবন্দর থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে অবস্থিত।
আশিয়ান গ্রুপের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া তার দূরদর্শী নেতৃত্ব ও মানবতাবাদী দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত। তিনি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও আবাসন খাতে দেশের অন্যতম নামকরা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। ইতিপূর্বে আশিয়ান মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে তিনি সাশ্রয়ী ও উন্নতমানের চিকিৎসা সেবা এবং চিকিৎসা শিক্ষার সুযোগ সৃষ্টি করে লক্ষ লক্ষ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছেন। নতুন হাসপাতালটি তার বাবা হাকিম উদ্দিন ভূঁইয়ার নামে নির্মিত হচ্ছে, যা তার পরিবারের প্রতি শ্রদ্ধা ও সমাজসেবার প্রতিশ্রুতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি ব্যবসার চেয়ে সেবাকে প্রাধান্য দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যার মাধ্যমে পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।
হাসপাতালটি আটতলা বিশিষ্ট হবে এবং প্রতিটি ফ্লোরে প্রায় দেড় লাখ স্কয়ার ফিট জায়গা থাকবে। রোগীদের স্বাচ্ছন্দ্যের জন্য চারপাশে সুবিশাল গ্রিন ভিউ রাখা হবে। প্রথম তলায় থাকবে জরুরি বিভাগ, রেডিওলজি, ইন ও আউট পেশেন্ট ডিপার্টমেন্ট। দ্বিতীয় তলায় কার্ডিওভাসকুলার ইউনিট, আইসিইউ, সিসিইউ এবং অত্যাধুনিক অপারেশন থিয়েটার। তৃতীয় তলায় নিউরোলজি, নেফ্রোলজি ও অর্থোপেডিকসহ বিভিন্ন বিশেষায়িত বিভাগ এবং চতুর্থ তলায় আধুনিক পেশেন্ট ওয়ার্ড ও ডেন্টাল ইউনিট থাকবে। পুরো হাসপাতালটি সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি ও সরঞ্জামে সজ্জিত করা হবে।
আশিয়ান গ্রুপের পরিচালক জাহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, “দেশবাসীর কাছে দোয়া চাই, যেন আমরা ভালোভাবে এই হাসপাতাল প্রতিষ্ঠা করতে পারি এবং সেবা করার সুযোগ পাই। আপনাদের সহযোগিতা ও দোয়া থাকলে এটি এলাকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবার কেন্দ্র হয়ে উঠবে।”
আশিয়ান এডুকেশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিউর রহমান বলেন, “হাকিম উদ্দিন ভূঁইয়া ৫০০ শয্যা বিশিষ্ট মাল্টিস্পেশালিটি হাসপাতাল হবে একটি আধুনিক হাসপাতাল। এখানে আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা প্রদান করা হবে। সবার সহযোগিতায় এটি এলাকার মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আশিয়ান গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া, পয়সা বাজারের চেয়ারম্যান অনামিকা ইসলাম ভূঁইয়া, আরফিন ইসলাম ভূঁইয়া, আশিয়ান মেডিকেল কলেজের প্রিন্সিপাল অবসরপ্রাপ্ত মেজর জেনারেল প্রফেসর ডা. মাহবুবুর রহমান, আশিয়ান মেডিকেল হাসপাতালের পরিচালক ডা. মো. আবুল ফজল, আশিয়ান ফুড এন্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: এ জি মকফুবার রহমান, আশিয়ান সিটির প্রটোকল ডিরেক্টর জহিরুল ইসলাম খান, প্রশাসন বিভাগের নির্বাহী পরিচালক কর্নেল (অব:) মো: হাসান মোর্শেন, আশিয়ান গ্রুপের মার্কেটিং বিভাগের সিইও লেমটেন্টেন কর্নেল (অব:) তালহাসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।




Comments