Image description

রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘গুরুর বাড়ি কিডস কমিউনিটি’ আয়োজিত বৈশাখী কিডস ফেস্টিভ্যাল-২০২৬। শুক্রবার (২২ মে) বিকেলে শুরু হওয়া এই বর্ণাঢ্য আয়োজনে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন গ্লোবাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য ড. আনিসুজ্জামান। শারীরিক অসুস্থতার কারণে ভার্চুয়ালি অনুষ্ঠানের উদ্বোধন করেন গুরুর বাড়ি কিডস কমিউনিটির প্রধান পৃষ্ঠপোষক, ‘আমি’র খোঁজে ফাউন্ডেশন’ ও হিডস গ্রুপের চেয়ারম্যান লায়ন ডা. হারুন অর রশিদ।

‘লার্ন টুডে, লিড টুমরো’ প্রতিপাদ্যে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক সুমন চৌধুরী। সাধারণ সম্পাদক মো. মাঈনুদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেসকাত উদ্দিন, ডন বসকো স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল কামরন নাহার লস্কর, এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খান সাইফ, জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশের চেয়ারম্যান শিহাব রিফাত আলম, বাংলাদেশ কান্ট্রি গেম অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি মো. মনির হোসেন প্রমুখ।

অনুষ্ঠান বাস্তবায়ন ও মেলার মনোরম আয়োজনে অক্লান্ত পরিশ্রম করেন উদযাপন কমিটির সদস্য মো. সোলাইমান, এফ এইচ সবুজ, বাবলু শেখ, মোক্তার হোসেন, খান রাসেল শিশির ও কো-অর্ডিনেটর হাসান। আয়োজনে বিশেষ সহযোগিতা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব।

দ্বিতীয় পর্বে কোমলমতি শিশুদের অংশগ্রহণে ছিল নাচ, গান, কবিতা আবৃত্তি ও যাদুরাজ বিপ্লবের যাদু প্রদর্শনী। অনুষ্ঠানের শেষ ভাগে দর্শক মাতাতে সংগীত পরিবেশন করেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এফ এ সুমন, নোলক বাবু, রকার রানা, জারা অন্তরা, তানিয়া ও মোক্তারসহ রেডিও-টেলিভিশনের শিল্পীরা।

রাত ১০টায় দর্শকদের ব্যাপক করতালির মধ্য দিয়ে সংগঠনের প্রথম এই আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ধরনের আয়োজন শিশুদের মেধা বিকাশ ও সুস্থ বিনোদনে সহায়ক ভূমিকা পালন করবে।

মানবকণ্ঠ/ডিআর