সারাদেশে আজ থেকে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোর ভেতরে পরীক্ষার্থীরা ব্যস্ত থাকলেও, বাইরের চিত্রটি বেশ যন্ত্রণাদায়ক। ঘণ্টার পর ঘণ্টা তপ্ত রোদ কিংবা আকস্মিক বৃষ্টিতে ভিজে চরম ভোগান্তি পোহাচ্ছেন অপেক্ষমাণ হাজারো অভিভাবক। এই ভোগান্তি লাঘবে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের সামনে অস্থায়ী ছাউনী ও বসার সুব্যবস্থার দাবি জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে রাজধানীর বিভিন্ন পরীক্ষাকেন্দ্র ঘুরে দেখা যায়, সন্তানকে কেন্দ্রে ঢুকিয়ে দিয়ে কয়েক হাজার অভিভাবক বাইরের রাস্তায় ও ফুটপাতে অবস্থান করছেন। দীর্ঘ তিন ঘণ্টার এই দীর্ঘ অপেক্ষায় কোথাও নেই সামান্য ছায়ার ব্যবস্থা। তীব্র গরমে অনেক অভিভাবককে গাছের নিচে বা দোকানের বারান্দায় গাদাগাদি করে আশ্রয় নিতে দেখা গেছে।
সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রের সামনে অপেক্ষমাণ এক অভিভাবক বলেন, "সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত দীর্ঘ সময় আমাদের রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। রোদ উঠলে টেকা দায় হয়ে পড়ে, আর বৃষ্টি নামলে দাঁড়ানোর জায়গাটুকুও থাকে না। যদি কেন্দ্র কর্তৃপক্ষ বা সিটি কর্পোরেশন থেকে অন্তত পরীক্ষা চলাকালীন সময়টুকুর জন্য সাময়িক কোনো প্যান্ডেল বা ছাউনীর ব্যবস্থা করা হতো, তবে আমাদের এই কষ্ট হতো না।"
অভিভাবকরা জানান, শুধু ঢাকা নয়, সারাদেশের চিত্রই প্রায় এক। অনেক ক্ষেত্রে বসার জায়গা না থাকায় বয়স্ক অভিভাবকদের ফুটপাতে বসে থাকতে দেখা যায়। তারা বলেন, শিক্ষা বোর্ড ও স্থানীয় প্রশাসনের উচিত মানবিক দিক বিবেচনা করে অভিভাবকদের জন্য ন্যূনতম বসার ও ছায়ার ব্যবস্থা নিশ্চিত করা।
উল্লেখ্য, এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষা চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত। এই দীর্ঘ সময়জুড়ে অভিভাবকদের ভোগান্তি কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট সকলে।
মানবকণ্ঠ/ডিআর




Comments