বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমন ঘিরে আজ মুখরিত থাকবে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠ। দীর্ঘ প্রতীক্ষার পর দলীয় প্রধানের এই জনসভাকে কেন্দ্র করে ময়মনসিংহ মহানগরসহ গোটা বিভাগজুড়েই এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
ইতিমধ্যে সার্কিট হাউস মাঠে বিশাল মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ সম্পন্ন হয়েছে এবং নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে শোভা পাচ্ছে তোরণ, ব্যানার ও ফেস্টুন। সমাবেশ সফল করতে জেলা ও মহানগর জামায়াতের পক্ষ থেকে গত কয়েকদিন ধরে নিবিড় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। সমাবেশে কয়েক লক্ষ মানুষের সমাগম হতে পারে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা, যার ফলে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে বিপুল সংখ্যক নিজস্ব স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে।
আজ মঙ্গলবার ৩ ফেব্রুয়ারী সকাল ১০ টায় নির্ধারিত এই সমাবেশে ডা. শফিকুর রহমান বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামীর রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
ময়মনসিংহ মহানগর শাখা জামায়াতের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমীর ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।




Comments