চুয়াডাঙ্গার জীবননগরের হাসাদহে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত বাঁকা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মফিজুর রহমান (৪২) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২ টার সময় মারা গেছেন।
তিনি গুরুতর আহত অবস্থায় ঢাকার কাকরাইলে অরোরা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগে ২৮ ফেব্রুয়ারি শনিবার সংঘর্ষের দিন জামায়াতে ইসলামীর আমিরের ভাই হাফিজুর রহমান (৪৫) মারা যান। এঘটনায় দু'জনের মৃত্যু হলো। নিহত দু'জনই জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের ওহাব মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের জামায়াত সমর্থক কেরামত আলীর ছেলে সোহাগের সঙ্গে হাসাদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা জসিম উদ্দীনের ছেলে মেহেদীর পূর্ব থেকে দ্বন্দ্ব চলছিল। বিষয়টি মীমাংসার জন্য ২৮ ফেব্রুয়ারি রাতে হাসাদাহ বাজারে দুই পক্ষের বসার কথা ছিল। তবে সন্ধ্যার দিকে এ নিয়ে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন আহত হন।
সংঘর্ষে জামায়াতের আহতরা হলেন, সুটিয়া গ্রামের মৃত ওহাবের ছেলে বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মফিজুর রহমান (৪০) ও তার ভাই হাফিজুর রহমান (৪৫), একই গ্রামের মৃত গোপাল মণ্ডলের ছেলে খায়রুল ইসলাম (৫০) ও হাপু। তাদের মধ্যে মফিজুর রহমান, হাফিজুর রহমান ও হাপুকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে যশোরে ও পরে ঢাকায় পাঠানো হয়। অপরদিকে, বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতা জসিম উদ্দিন ও তার ছেলে মেহেদী আহত হন।
ঢাকায় নেওয়ার পথে বাঁকা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমিরের ভাই হাফিজুর রহমান (৪৫) ২৮ ফেব্রুয়ারি রাত ১ টার দিকে মারা যায়। ইউনিয়ন আমির মফিজুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে তার মৃত্যু হয়।
১ মার্চ ভোরে চুয়াডাঙ্গা-২ আসনের এমপি ও জেলা জামায়াতের আমির মো. রুহুল আমিনের মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপে জেলা জামায়াতের প্রচার সম্পাদক মফিজ জোয়ার্দার সাংবাদিকদের জানান, বিএনপির নৃশংস হামলায় মারাত্নক আহত বাঁকা ইউনিয়ন মাওলানা আমির মফিজুর রহমান ও তার ভাই হাফিজুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে যশোরে ও পরে ঢাকায় রেকর্ড করা হয়। ঢাকায় নেওয়ার পথে হাফিজুর রহমান মারা যান। বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমানকে ঢাকা অরোরা হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন। দীর্ঘ ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মফিজুর রহমানের মৃত্যু হয়েছে।




Comments