আমিরের অগোচরে পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন উপদেষ্টা মাহমুদুল হাসান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের অগোচরে এবং তার সম্মতি ছাড়াই পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর অভিযোগে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসানকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানকে আমিরের নতুন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই সিদ্ধান্ত ও ব্যাখা প্রদান করেন।
বিবৃতিতে জানানো হয়, অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসান ওই চিঠির বিষয়ে জামায়াত আমিরকে অবহিত করলেও বিষয়বস্তু সম্পূর্ণ ভিন্নভাবে উপস্থাপন করেছিলেন। চিঠিতে ‘মন্ত্রীর পদমর্যাদা’ চাওয়ার যে বিষয়টি উল্লেখ করা হয়েছে, তাতে আমিরের বিন্দুমাত্র সম্মতি ছিল না। পরবর্তীতে চিঠির প্রকৃত বিষয়বস্তু যাচাই করে দেখা যায় যে, আমিরের কাছে দেওয়া ব্রিফিংয়ের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।
দলীয় সূত্রে জানা গেছে, মাহমুদুল হাসান মূলত ‘চাকরির সুপারিশের’ কথা বলে আমিরের কাছ থেকে স্বাক্ষর করিয়ে নিয়েছিলেন, কিন্তু চিঠিতে নিজের জন্য মন্ত্রীর পদমর্যাদা দাবি করেন। বিষয়টি নজরে আসার পরপরই ডা. শফিকুর রহমান তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেন।
বিভ্রান্তি এড়াতে জামায়াতের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ করা হয়েছে। চিঠির বিষয়ে আমিরের অনবগতির কথা জানিয়ে বিষয়টি তখনই নিষ্পত্তি করা হয়। জামায়াত জানিয়েছে, তারা দায়িত্বশীল ও স্বচ্ছ রাজনৈতিক আচরণে বিশ্বাসী এবং যেকোনো ভুল সংশোধন করার ক্ষেত্রে তারা আপসহীন।
নতুন নিয়োগপ্রাপ্ত উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এখন থেকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করবেন। বিষয়টি ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কেও আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments