বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রির প্রতিবাদ করায় এক ক্রেতা ও তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার (৯ মার্চ) দুপুরে মোকামতলার শংকরপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সোহেল আহম্মেদ বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন— স্থানীয় দোকানি মিজানুর রহমান, তাঁর ছেলে শাহ সুলতান ও স্ত্রী সীমা আকতার।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে শংকরপুর গ্রামের বাসিন্দা সোহেল আহম্মেদ স্থানীয় একটি দোকানে পেট্রোল কিনতে যান। এ সময় দোকানদার মিজানুর রহমান প্রতি লিটার তেলের দাম ১৪০ টাকা দাবি করেন। সরকারি নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি হওয়ায় সোহেল এর প্রতিবাদ করেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে দোকানি ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারমুখী আচরণ করলে সোহেল সেখান থেকে চলে আসেন।
পরবর্তীতে দুপুর ২টার দিকে সোহেল মোটরসাইকেল যোগে স্ত্রীকে নিয়ে মোকামতলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে অভিযুক্ত মিজানুর রহমান, তাঁর ছেলে ও স্ত্রী লাঠিসোঁটা নিয়ে তাঁদের পথরোধ করেন। একপর্যায়ে তাঁরা সোহেলকে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করেন এবং ধাক্কা দিয়ে মোটরসাইকেলসহ দম্পতিকে ফেলে দেন। এতে সোহেল ও তাঁর স্ত্রী আহত হন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত শাহ সুলতান বলেন, "বর্তমানে ডিপো থেকে তেল কিনতে আমাদের অতিরিক্ত ৫০ হাজার টাকা দিতে হয়েছে। বেশি দামে কিনে তো আমরা কম দামে বিক্রি করতে পারি না। আর সোহেল এসে ফ্রিতে তেল চাচ্ছিলেন, তাই ঝগড়া হয়েছে।"
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, "তেল বিক্রির ঘটনাকে কেন্দ্র করে মারধরের একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments