Image description

চট্টগ্রামের ফটিকছড়িতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ সোমবার (৯ মার্চ) দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিনা কুমার ত্রিপুরা (২২) নামের আরও এক যুবকের মৃত্যু হয়।

নিহত চার যুবক হলেন— নয়ন কর্মকার (১৮), উত্তম উরাং (১৫), তপু কর্মকার (১৬) ও কিনা কুমার ত্রিপুরা (২২)। তাঁদের সবার বাড়ি ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখীল সংলগ্ন রাঙ্গাপানি চা বাগান এলাকায়। কিনা কুমার ত্রিপুরা ওই এলাকার মন্দারাম ত্রিপুরার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ফটিকছড়ি-খাগড়াছড়ি সড়কের পাইন্দং ইউনিয়নের পেলাগাজী দিঘি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। চারজন একই মোটরসাইকেলে করে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে খাগড়াছড়ি থেকে আসা একটি দ্রুতগামী বাসের সাথে মোটরসাইকেলটির সরাসরি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন যুবক প্রাণ হারান।

আশঙ্কাজনক অবস্থায় কিনা কুমার ত্রিপুরাকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হলে সেখানে কয়েক ঘণ্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এ ঘটনায় বাসে থাকা নারী ও শিশুসহ আরও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতাল ও চমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর