Image description

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আগামীকালই হবে সরকারের শেষ অধিবেশন বলে মন্তব্য করেছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ ।  

শনিবার রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি।

হামিদুর রহমান আযাদ বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে আগামীকাল সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা না হলে জনগণকে সাথে নিয়ে রাজপথে নামবে ১১ দল। ২৮ মার্চ শীর্ষ নেতৃত্বের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত করা হবে আন্দোলনের রূপরেখা।’ 

হামিদুর রহমান আযাদ আরও বলেন, ‘জুলাই সনদ আংশিকভাবে নয়, সম্পূর্ণ বাস্তবায়নের দাবি আমাদের ১১ দলীয় ঐক্যের। ইতিহাসের সেরা নির্বাচনে জানমালের ক্ষয়ক্ষতি না হলেও জনআকাঙ্ক্ষা পূরণ হয়নি। নির্বাচনের পর উপদেষ্টারাই হাটে হাড়ি ভেঙেছেন।’

সংসদ ওয়াকআউট প্রসঙ্গে তিনি বলেন, ‘বিরোধী জোট রাষ্ট্রপতিকে অবমাননা করে নাই বরং বিএনপি স্বৈরাচারের দোসরকে বক্তব্য দিতে দিয়ে সংসদকে কলুষিত করেছে।’ প্রশাসনের সব ক্ষেত্রে দলীয়করণ হচ্ছে এবং বিএনপি মেধাহীন লোকদের দিয়ে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে বলে অভিযোগ এই জামায়াত নেতার।