Image description

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সাম্প্রতিক অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি নাজুক। অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি না হলে সরকারের জন্য এর পরিণতি দুঃখজনক হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২৬ জুন) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের ঘাগড়াজুড়ি গ্রামে একটি সড়ক নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, অর্থনীতি এবং আইনশৃঙ্খলা—এই দুটি খাতে যদি দৃশ্যমান অগ্রগতি না আসে, তাহলে সরকারের ভবিষ্যৎ সত্যিই উদ্বেগজনক হতে পারে। তিনি জানান, নতুন অর্থবছরের বাজেট নিয়ে তিনি সংসদে বক্তব্য দিয়েছেন এবং বাজেট কতটা বাস্তবায়নযোগ্য, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, সরকারের দুটি মন্ত্রণালয়ের ওপর প্রায় অর্ধেক দায়িত্ব বর্তায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী অন্য মন্ত্রণালয়ের বিষয়ে যতটা সক্রিয়, নিজের মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে ততটা তৎপর নন। তিনি যদি একই গুরুত্ব আইনশৃঙ্খলা রক্ষায় দিতেন, তাহলে দেশের মানুষ আরও উপকৃত হতো।

এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধেও ‘মামলার ব্যবসা’ করার অভিযোগ তোলেন রুমিন ফারহানা। তিনি বলেন, এক মামলায় জামিন পাওয়ার পরপরই আরেকটি মামলা দেওয়া হচ্ছে, যা ‘শো অ্যারেস্টের কালচার’ তৈরি করেছে। তার দাবি, বিভিন্ন এলাকায় বিএনপির কিছু স্থানীয় নেতাকর্মী এ ধরনের কর্মকাণ্ডে জড়িত।

তিনি আরও বলেন, বিষয়টি তিনি সংসদে উত্থাপন করেছেন এবং সরকারকেও জানাবেন। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, এসব অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা উচিত। তিনি সতর্ক করে বলেন, ‘আজ আপনি যা করছেন, একদিন তার জন্য আপনাকেও কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে।’