জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজধানীর ধানমন্ডিতে বর্ণাঢ্য ‘জুলাই র্যালী’ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ধানমন্ডি থানা।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৭ জুলাই) সকাল ৮টায় ধানমন্ডি আবাহনী মাঠের সামনে থেকে র্যালীটি শুরু হয়। “জান দেবো, তবু জুলাই দেবো না” স্লোগানে র্যালীটি জিগাতলা, সিটি কলেজ, কলাবাগান ও ধানমন্ডি ২৭ নম্বর সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আবাহনী মাঠে এসে শেষ হয়।
র্যালীতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
পরে অনুষ্ঠিত সমাবেশে ধানমন্ডি থানা আমীর মোস্তাফিজুর রহমান সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন থানা সেক্রেটারি মুজাহিদুল ইসলাম শাহিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও লইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও জোন পরিচালক অধ্যাপক নূর নবী মানিক।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশকে রক্ষা করতে হলে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই চেতনাকে ধারণ করেই দেশ থেকে শোষণ ও ফ্যাসিবাদ দূর করে ইনসাফভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে।
তারা আরও বলেন, শহীদদের রক্ত, বীর জনতা ও ছাত্রদের আত্মত্যাগ দেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। কোনো ষড়যন্ত্রই জুলাইয়ের অর্জনকে মুছে দিতে পারবে না।
কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় নেতৃবৃন্দ অংশগ্রহণকারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং গণমাধ্যমকর্মীদের প্রতি ধন্যবাদ জানান।




Comments