ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইনকে কুষ্টিয়ায় ঢুকতে না দেওয়ার সরাসরি ঘোষণা দিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট ইসলামিক বক্তা মুফতি আমির হামজা। একই সাথে প্রতিমন্ত্রীকে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ‘চলমান সংসদে আপনার সব কিছু ফাঁস করে দেব।’
গত ৭ নভেম্বর দিবাগত রাতে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় আয়োজিত এক ওয়াজ মাহফিলে বক্তব্য প্রদানকালে তিনি এই হুঁশিয়ারি দেন। পরবর্তীতে তাঁর বক্তব্যের ভিডিওচিত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে ও তোলপাড় সৃষ্টি করে।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে মুফতি আমির হামজাকে বলতে শোনা যায়, “প্রতিমন্ত্রী ইকবাল প্রশাসনকে ব্যবহার করে গত ৭ নভেম্বর শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ হাফিজিয়া মাদরাসার তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করে দিয়েছেন। আপনার যদি সারা বাংলাদেশে আসার অধিকার থাকে, তবে আমারও অধিকার আছে। আপনাকেও কুষ্টিয়ায় ঢুকতে দেব না। আপনার সব কিছু চলতি সংসদে ফাঁস করে দেব।”
তবে মুফতি আমির হামজার এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে মাহফিল আয়োজক কমিটি।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ চত্বরে অনুষ্ঠিত এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে আয়োজক কমিটির সদস্য হাফেজ মো. সোহেল রানা লিখিত বক্তব্যে জানান, অনিবার্য কারণবশত কমিটির নিজস্ব সর্বসম্মত সিদ্ধান্তে গত ১ নভেম্বর মাহফিলটি সাময়িকভাবে স্থগিত করা হয়। বিষয়টি ২ নভেম্বর লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে আমির হামজার ব্যক্তিগত সহকারীকে (পিএস) আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল। এই সিদ্ধান্তের সাথে স্থানীয় সংসদ সদস্য কিংবা বিএনপির কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
আয়োজক কমিটি এবং স্থানীয় বিএনপি নেতাদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকে একটি বিশেষ চক্রের প্ররোচনায় সরকারকে রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ করতে এই মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে।
বিষয়টি নিয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান গণমাধ্যমকে নিশ্চিত করেন যে, মাহফিল বন্ধের পেছনে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই, আয়োজক কমিটি নিজেই তা স্থগিত করেছে।
ডিআর

