যৌন হয়রানির প্রতিবাদ করে দেশজুড়ে আলোচনায় আসা শাহজালাল রুমি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নতুন একটি ভিডিও প্রচার করে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার জোরালো দাবি জানিয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে নিজের ফেসবুক পেজ ও আইডিতে ভিডিওটি পোস্ট করেন তিনি। মুহূর্তেই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নতুন করে আলোচনার জন্ম দেয়।
৪৩ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপটিতে দেখা যায়, শাহজালাল রুমি মাদরাসার অধ্যক্ষের সঙ্গে আলোচনা করছেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি ক্ষোভে ও উত্তেজনায় একটি থাপ্পড় দিয়ে টেবিলের কাচ ভেঙে ফেলেন। এরপর দুই পক্ষের মধ্যে তীব্র কথা কাটাকাটি হতে দেখা যায়। ভিডিওটিতে ঘটনার পেছনের তীব্র ক্ষোভ ও প্রতিবাদের বহিঃপ্রকাশ স্পষ্ট হয়ে ওঠে।
ভিডিওর ক্যাপশনে শাহজালাল রুমি তাঁর অবস্থান পরিষ্কার করে লিখেছেন, “আমি কোনো প্রতিষ্ঠানের সম্মান নষ্ট করতে চাই না। আমি চাই, কোনো প্রতিষ্ঠানের আড়ালে যেন অন্যায় চাপা না পড়ে। আমি চাই, আমাদের সন্তানরা নিরাপদ থাকুক, আমাদের মেয়েরা নিরাপদ থাকুক। কোনো অভিযোগ উঠলে সেটির নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত হোক।”
ডিআর

