‘রাজাকার আলবদর কিছুই রবে নারে’ গানে নাচলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এর মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের পরাজয় উদযাপন করেন তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী ফারিয়া মতিন ইলা এ আয়োজন করেন। ফারিয়া মতিন ইলা গত ডাকসু নির্বাচনে বামপন্থি ছাত্র সংগঠনগুলোর প্যানেল ‘প্রতিরোধ পর্ষদ’ থেকে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এ আয়োজন করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের বিরুদ্ধে অবস্থান জানিয়ে এ কর্মসূচির ডাক দেন তিনি।
এর আগে দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ব্যানার পোস্ট করে কর্মসূচির ঘোষণা দেন ফারিয়া মতিন ইলা। ব্যানারে লেখা ছিল, ‘যুদ্ধাপরাধীদের জোটকে না বলুন’। ক্যাপশনে বিকেল চারটায় ওই গানের সঙ্গে নাচে অংশ নিতে আহ্বান জানানো হয়।
এরপর এক পোস্টে জানানো হয়, টিএসসি থেকে পিক-আপে গান বাজিয়ে নাচ-গান শুরু হয়ে জগন্নাথ হল প্রদক্ষিণ করে ভিসি চত্বর, হলপাড়া, মধুর ক্যানটিন ও শাহবাগ ঘুরে পুনরায় টিএসসিতে ফিরে আসবে।
আয়োজক ফারিয়া মতিন ইলা বলেন, বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের কথা ভোলেনি, ভুলবেও না। আমাদের গৌরবের ইতিহাস বাদ দিয়ে দেশের গাদ্দারেরা, রাজাকাররা কখনোই এ দেশের মাথায় চেপে বসতে পারবে না, এটা সেটারই রিমাইন্ডার।




Comments