Image description

ক্ষমতায় এসে হল দখল করতে এলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন।

সাদিক কায়েম বলেন, ‘হামলার পুরো তালিকা আমাদের কাছে আছে। আমরা আওয়ামী লীগের সময়ের পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। আর একটা লাশ পড়লে রাজপথে নামবে জামায়াত-শিবির ও ১১-দলীয় জোট।

বাংলাদেশে হামলা-মামলা, হুমকি ও সন্ত্রাসের রাজনীতি আর চলবে না। যাঁরা সন্ত্রাস করেছেন, তাঁদের বিরুদ্ধে তারেক রহমান দ্রুত ব্যবস্থা নেবেন। তাঁরা যদি মনে করেন ক্ষমতায় এসেছেন বলে হল দখল করবেন, তবে তা প্রতিহত করা হবে।’

এ সময় নির্বাচন-পরবর্তী ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ অপ্রত্যাশিত মন্তব্য করে ছাত্র শিবিরের এই নেতা আরও বলেন বলেন, ‘জাতীয় গণমাধ্যমে হামলার ঘটনা যেভাবে চাপা দেওয়া হচ্ছে, তা নতুন ফ্যাসিবাদের আস্ফালন হিসেবে দেখছি।’

সংবাদ সম্মেলনে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ অভিযোগ করেন, নির্বাচনের এক দিন পর থেকেই ১১-দলীয় জোটের শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা হচ্ছে। তিনি বলেন, ‘আগে যেভাবে মিডিয়ায় প্রচার করা হতো, এখন আর সেভাবে প্রচার করা হচ্ছে না।’

এস এম ফরহাদ আরও বলেন, ‘চাঁদপুর, মুন্সীগঞ্জসহ শতাধিক এলাকায় জামায়াত-শিবিরের ওপর বিএনপির সন্ত্রাসীরা হামলা করছে। আমরা আশা করি, তাঁরা আওয়ামী লীগকে কপি করবেন না। বিরোধী দলকে হামলা-মামলার মাধ্যমে হয়রানি ও অত্যাচার করবেন না এবং আন্দোলনে নামতে বাধ্য করবেন না। নির্বাচনের পর যত দ্রুত বিএনপি হামলা-সন্ত্রাস শুরু করেছে, ২০০৮ সালের নির্বাচনের পর আওয়ামী লীগও তা করেনি।’