জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীকে বাসায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ইসলামনগর এলাকায়। ভুক্তভোগী শিক্ষার্থী তার ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) ৫৩ ব্যাচের শিক্ষার্থী তারিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত ছাত্রীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যাওয়ার পর তাকে ‘শেষবারের মতো কথা বলার’ কথা বলে বাসায় নেওয়া হয়। সেখানে তার মুখে টেপ লাগিয়ে মারধর করা হয় এবং হাতের ওপর গরম পানি ঢেলে পুড়িয়ে দেওয়া হয়। পরে ভুক্তভোগী ৯৯৯-এ ফোন করলে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানিয়েছেন, এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি এবং বিষয়টি ব্যক্তিগত হওয়ায় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টরা উদ্যোগ নিতে পারেন।
আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার জানান, ঘটনায় একটি মামলা হয়েছে এবং এটি তদন্তাধীন।
মানবকণ্ঠ/আরআই




Comments