মব সন্ত্রাস করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা চালিয়েছে যুবদলের কর্মীরা বলে অভিযোগ করেছে দলটির অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তি।
ঘটনার পর মঙ্গলবার রাতে নিন্দা জানিয়ে একটি প্রতিবাদলিপি দিয়েছে সংগঠনটি।
জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) আসাদুর রহমানের পাঠানো প্রতিবাদলিপিতে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগ ও তীব্র নিন্দার সঙ্গে জানাচ্ছি যে, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জুলাই গণঅভ্যুত্থানের নেতা হাসনাত আব্দুল্লাহর ওপর চট্টগ্রামে সংগঠিত মব সন্ত্রাস ও হেনস্তার ঘটনা সম্পূর্ণরূপে ন্যক্কারজনক এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।’
প্রতিবাদলিপিতে দাবি করা হয়, হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামের সাবেক মেয়র ও বিএনপির সাবেক নেতা মনজুর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন। মনজুর আলম ২০১০ ও ২০১৫ সালে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ছিলেন এবং খালেদা জিয়ার জন্য বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছেন।
প্রতিবাদলিপিতে বলা হয়, তখন কোনো ধরনের প্রতিবাদ দেখা না গেলেও মঙ্গলবার তাঁকে ‘দোসর’ আখ্যা দিয়ে একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর মব সন্ত্রাস চালানো স্পষ্ট দ্বিচারিতা ও রাজনৈতিক অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ।
জাতীয় যুবশক্তি মনে করে, রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু তা কখনোই সহিংসতা, হুমকি বা মব সৃষ্টির মাধ্যমে প্রকাশ করা গ্রহণযোগ্য নয়। যুবশক্তি এই ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্তকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
পাশাপাশি, সকল রাজনৈতিক শক্তির প্রতি সহনশীলতা ও গণতান্ত্রিক আচরণ বজায় রাখার আহ্বান জানিয়েছে এনসিপির এই যুব সংগঠন।




Comments