Image description

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে আলোচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাতটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় ন্যাম ভবনের একটি কক্ষে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মরিয়মের মরদেহ পাওয়া যায়।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, খবর পেয়ে আমিসহ থানা পুলিশ ঘটনাস্থলে এসেছি। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। এরপর থানা পুলিশ রুমে প্রবেশ করবে।

তবে কখন তিনি আত্মহত্যা করেছেন এবিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি— বলেন ডিসি।

গত জুলাই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে এই সাবেক এমপি ও মরিয়ম খাতুনের 'ব্যক্তিগত মুহূর্তের' ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

সে সময় এমপি নজরুল দাবি করেছিলেন, প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে পারিবারিকভাবে মরিয়ম তাঁর দ্বিতীয় স্ত্রী হয়েছেন।

নৈতিক স্খলন ও বিয়ে গোপন রাখার অভিযোগে গত জুলাই মাসেই বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে।
এমআর