রাবিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে পিডিএফ-এর ইফতার মাহফিল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ)-এর উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ইসমাইল হোসেন সিরাজী ভবনের সিসিডিসি গ্যালারিতে এই আয়োজনে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখার আলম মাসুদ বলেন, "প্রতিবছর বিশ্ববিদ্যালয়ে অনেক বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ভর্তি হন। তাদের জন্য নিরাপদ ও পড়াশোনাবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করতে প্রশাসন কাজ করে যাচ্ছে। কেন্দ্রীয় গ্রন্থাগারে তাদের জন্য আলাদা পাঠকক্ষ বরাদ্দের পরিকল্পনা রয়েছে। এছাড়া ইউজিসির সঙ্গে আলোচনা করে পর্যায়ক্রমে প্রতিটি ভবনে লিফট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।"
রাকসু জিএস সালাউদ্দিন আম্মার বলেন, "পিডিএফ শিক্ষার্থীদের অধিকার আদায়ে প্রশংসনীয় ভূমিকা রাখছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা এবং তাদের মাসিক বৃত্তিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রতিটি দপ্তর যদি যথাযথভাবে দায়িত্ব পালন করে, তবে কোনো কাজই আর টেবিলে পড়ে থাকবে না।"
প্রধান অতিথির বক্তব্যে ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল ইসলাম কনক বলেন, "আমি এখানে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নয়, বরং শিক্ষার্থীদের একজন বন্ধু হিসেবে উপস্থিত হয়েছি। পিডিএফের সদস্যদের কল্যাণে প্রশাসন সবসময় কাজ করতে আগ্রহী।" তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ও পিডিএফের উপদেষ্টা অধ্যাপক ড. গোলাম কিবরিয়া ফেরদৌস, মার্কেটিং বিভাগের অধ্যাপক মুকসিদুল ইসলাম এবং ড. রেদওয়ানুল হক।
উল্লেখ্য, ২০১০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই পিডিএফ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধীবান্ধব ক্যাম্পাস গড়তে এবং শিক্ষার্থীদের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিতে কাজ করে যাচ্ছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments