ববিতে নির্মাণকাজে চাঁদা দাবির অভিযোগে ১৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে সড়ক নির্মাণকাজে বাধা প্রদান ও চাঁদা দাবির অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্তসহ ১৮ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানায় এই অভিযোগ জমা দেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড রোড এলাকার বাসিন্দা এবিএম আওলাদ হোসেন একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন–১ সংলগ্ন অভ্যন্তরীণ আরসিসি সড়ক নির্মাণকাজ করছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের তত্ত্বাবধানে এই উন্নয়ন কাজ চলমান ছিল।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ১ মার্চ সকাল আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে নির্মাণস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন। তারা নিজেদের রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাজের বিনিময়ে মোটা অঙ্কের টাকা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা শ্রমিকদের অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন, যার ফলে নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
এ ঘটনায় দায়েরকৃত অভিযোগে সাবেক ছাত্রদল নেতা রেজা শরীফ, আজমান সাকিব (২৩) এবং বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্তর (২৪) নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা হিসেবে অভিযুক্ত করা হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাবেক ছাত্রদল নেতা রেজা শরীফ মানবকণ্ঠকে বলেন, "নির্মাণকাজ অত্যন্ত নিম্নমানের হওয়ায় সাধারণ শিক্ষার্থীরা তাতে বাধা দিয়েছে। ঠিকাদার আওলাদ হোসেনের কাছে কোনো চাঁদা দাবি বা হুমকি-ধমকির ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা চায় না ভবিষ্যতে এই ঠিকাদার বিশ্ববিদ্যালয়ের কোনো কাজ করুক।"
বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাইল হোসেন মানবকণ্ঠকে জানান, "আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এদিকে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উন্নয়ন কাজে রাজনৈতিক প্রভাব বিস্তার ও চাঁদাবাজির এই অভিযোগ নিয়ে স্থানীয় ও শিক্ষার্থী মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অন্য অভিযুক্তদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মানবকণ্ঠ/ডিআর




Comments