ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম। বুধবার (১ এপ্রিল) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে তিনি নতুন এই দায়িত্ব গ্রহণ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক এবং বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে গত ১৬ মার্চ এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে ড. মো. নুরুল ইসলামের নাম ঘোষণা করেছিলেন।
ড. মো. নুরুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে ২০১১ সালে যুক্তরাজ্যের স্বনামধন্য ইউনিভার্সিটি অব নটিংহাম থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি বর্তমানে বাংলাদেশ ন্যাশনাল জিওগ্রাফিক্যাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
একজন বিশিষ্ট গবেষক হিসেবে ড. নুরুল ইসলামের নদীজ পরিবেশ, কৃষি ভূমির ব্যবহার এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে বিশেষ দক্ষতা রয়েছে। এছাড়া তিনি জলবিজ্ঞান, অববাহিকা ব্যবস্থাপনা, জিআইএস এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়েও বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। উচ্চশিক্ষার প্রশাসনিক ও গবেষণার ক্ষেত্রে তার দীর্ঘ অভিজ্ঞতা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।
মানবকণ্ঠ/আরআই




Comments