Image description

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সরকারি নির্দেশ অমান্য করে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত আলোকসজ্জা করার অভিযোগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা উৎসবের প্রস্তুতিমূলক কার্যক্রমে অভিযান পরিচালনা করেছে বিশ্বদ্যিালয় প্রশাসন।  

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের স্মারক মাঠে আয়োজিত শিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব প্রস্তুতির চলাকালে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় প্রক্টর ড. ফেরদৌস রহমান শিবিরের সভাপতি সুমন সরকারকে আলোকসজ্জা বন্ধ করার নির্দেশ দেন। পরে রাত ১০টা ৩৮ মিনিটে লাইট বন্ধ করা হয়।

আলোকসজ্জা সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে শিবিরের সভাপতি সুমন সরকার বলেন, আগামীকালের অনুষ্ঠান উপলক্ষে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। এজন্য লাইটিং চালু করা হয়েছিল। আমাদের নিজস্ব জেনারেটর রয়েছে, যা দিয়ে অনুষ্ঠান পরিচালনা করা হবে। আমাদের কর্মসূচি রাত ৮টা পর্যন্ত চলবে।

সরকারি নিষেধাজ্ঞা সন্ধ্যা ৬টা পর্যন্ত থাকলেও রাত ৮টা পর্যন্ত কর্মসূচি চালানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দোকানপাট ও বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য স্থানে সারারাত লাইট জ্বলে। তাহলে আমরা একটি ভালো কাজে কেন তা ব্যবহার করতে পারব না?