Image description

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইনডোর গেমস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈমকে সবার সামনে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেত্রী সাদিয়া সুলতানা নেলীর বিরুদ্ধে। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ইনডোর গেমসের ক্যারম প্রতিযোগিতার ফাইনালে একটি দলে খেলছিলেন ছাত্রদল নেত্রী সাদিয়া নেলী। প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের মধ্যে বিভাগীয় অসংগতি বা অনিয়ম লক্ষ্য করে ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈম খেলাটি স্থগিত অথবা উভয় দলকে বিজয়ী করার প্রস্তাব দেন। এ নিয়ে নাঈমের সঙ্গে নেলীর বাগবিতণ্ডা শুরু হয়। নেলী অভিযোগ করেন নাঈম স্বজনপ্রীতি করছেন, অন্যদিকে নাঈম নিয়মের কথা উল্লেখ করেন।

পুরস্কার বিতরণী চলাকালীন নেলী নাঈমকে পাশে ডেকে নেন এবং তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন। নাঈম উত্তরে ‘ধন্যবাদ আপনাকে’ বললে নেলী সজোরে তাঁর গালে থাপ্পড় মারেন। এই ঘটনায় অনুষ্ঠানস্থলে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা হতবাক হয়ে যান।

ভুক্তভোগী জর্জিস আনোয়ার নাঈম বলেন, “আমি শুধুমাত্র নিয়মের কথা বলেছিলাম। নেলী আপু ক্ষমতার দাপট দেখিয়ে আমাকে সবার সামনে লাঞ্ছিত করেছেন। আমি ভিসি স্যারের কাছে অভিযোগ দিয়েছি, তিনি প্রক্টর অফিসের মাধ্যমে বিষয়টি সমাধানের নির্দেশ দিয়েছেন।”

এদিকে জকসু নেতাকে থাপ্পড় দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই স্বীকার করেছেন সাদিয়া সুলতানা নেলী। তিনি তাঁর ফেসবুক পোস্টে লিখেন, “জর্জিস আনোয়ার নাঈম, এরপর থেকে খেলায় স্বজনপ্রীতি করলে এর চেয়ে বেশি থাপ্পড় খাবেন। অন্যায়ভাবে রুলসের বাইরে গিয়ে দুটি টিমকে একসঙ্গে চ্যাম্পিয়ন করতে চেয়েছিলেন, যা মেনে নেওয়া যায় না। ক্রীড়া সম্পাদক হয়ে ঠিকঠাক দায়িত্ব পালন করেন।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাসির উদ্দীন বলেন, “আমি ঘটনাটি সরাসরি দেখিনি তবে শুনেছি। ভিসি স্যারের নির্দেশে আলী নূর স্যারকে বিষয়টি সমাধানের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।”

মানবকণ্ঠ/আরআই