ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টরিয়াল বডিতে বড় রদবদল লক্ষ্য করা যাচ্ছে। প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের পদত্যাগের পর এবার সহকারী প্রক্টর পদ থেকে ইস্তফা দিয়েছেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
ফেসবুক পোস্টে শেহরীন মোনামি লেখেন, “আমি আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছি।”
তিনি তার শিক্ষকতা জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে জানান, গত সাত বছরের শিক্ষকতা জীবনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ করলেও কখনোই প্রশাসনিক দায়িত্ব নেওয়ার ইচ্ছা তার ছিল না। তবে ২০২৪ সালের ২৮ আগস্ট তৎকালীন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের আহ্বানে তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণে আগ্রহী হন।
নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি লেখেন, “আমি সামান্য একজন লেকচারার, তার চেয়েও সামান্য একজন মানুষ। সাধারণত একটু সিনিয়র শিক্ষকরা যে দায়িত্ব পান, সেই গুরুদায়িত্বে আমি! এটি আমার জন্য ছিল বড় এক বিস্ময়।”
বিদায়ী প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি উল্লেখ করেন, তার অধীনে কাজ করে তিনি ধৈর্য, সংযম এবং শিক্ষার্থীদের আগলে রাখার শিক্ষা পেয়েছেন। বিশেষ করে জুলাই আন্দোলন-পরবর্তী উত্তাল সময়কে তিনি ‘অভূতপূর্ব’ অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন। তার মতে, এর আগে কোনো প্রক্টরিয়াল টিমকে এমন চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি।
নতুন দায়িত্বপ্রাপ্ত প্রক্টর ও তার টিমের প্রতি শুভকামনা জানিয়ে পোস্টের শেষাংশে তিনি লেখেন, “অধ্যাপক সাইফুদ্দীন আহমদ স্যারের নেতৃত্বে এই টিমের সঙ্গে কাজ করা ছিল আমার জন্য বড় সম্মানের। নতুন প্রক্টর এবং তার টিমকে অভিনন্দন। আশা করি, তারা এই বিশাল দায়িত্ব সফলভাবে পালন করবেন।”
উল্লেখ্য, এর আগে একই দিনে ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। এরপরই সহকারী প্রক্টর শেহরীন মোনামির এই পদত্যাগের খবর সামনে এলো।
মানবকণ্ঠ/আরআই




Comments