Image description

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাবেক বাংলাদেশি বিজ্ঞানী ড. এম রেজাউল হক ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

নাসায় কাজ শুরু করার আগে ড. রেজাউল হক যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে নাসায় যোগ দিয়ে দীর্ঘ সময় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন এবং কয়েক বছর আগে অবসর গ্রহণ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, এই কৃতী বিজ্ঞানীর পৈতৃক নিবাস রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কেল্লাবারুইপাড়া এলাকায়। ফহিম উদ্দিন বিশ্বাস ও আনোয়ারা খাতুন দম্পতির নয় সন্তানের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। দীর্ঘদিন ধরেই তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী যুক্তরাষ্ট্রেই তার দাফন সম্পন্ন হবে।

তার মৃত্যুর খবরে নিজ এলাকা গোদাগাড়ীতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর কেল্লাবারুইপাড়া জামে মসজিদে মরহুমের স্মরণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

মানবকণ্ঠ/আরআই