পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষকদের চলমান শাটডাউন কর্মসূচির কারণে স্থগিত হওয়া ডিফেন্স কার্যক্রম পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১২ মে) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএনএসভিএম) অনুষদের একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এসময় ভবনের ভেতরে অবস্থানরত কয়েকজন শিক্ষক সাময়িকভাবে অবরুদ্ধ হয়ে পড়েন। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অচলাবস্থার প্রতিবাদে শিক্ষার্থীরা দীর্ঘক্ষণ সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন।
আন্দোলনরত ২০১৯-২০ সেশনের (সেকশন-এ) শিক্ষার্থীরা জানান, তাদের ব্যাচের প্রায় ২৫ জনের ডিফেন্স ইতোমধ্যে সম্পন্ন হলেও শাটডাউনের কারণে বাকিদের কার্যক্রম মাঝপথে বন্ধ হয়ে গেছে। এতে সেশনজট ও ইন্টার্নশিপ পিছিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দ্রুত ডিফেন্স কার্যক্রম সম্পন্ন করে শিক্ষাজীবন স্বাভাবিক করার দাবি জানান তারা।
উল্লেখ্য, গত ১১ মে ক্যাম্পাসে শিক্ষকদের ওপর স্থানীয় যুবদল নেতাকর্মীদের হামলার ঘটনার প্রতিবাদে সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন (শাটডাউন) ঘোষণা করে শিক্ষকদের একটি অংশ। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন একাডেমিক কার্যক্রম সচল রাখার নির্দেশনা জারি করেছিল, কিন্তু শিক্ষকদের অনড় অবস্থানের কারণে এই অচলাবস্থা তৈরি হয়েছে।
বিক্ষুব্ধ এক শিক্ষার্থী বলেন, “আমাদের ডিফেন্স কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে ছিল। শিক্ষকদের কর্মসূচির কারণে আমরা কেন ক্ষতিগ্রস্ত হব? আমাদের ভবিষ্যৎ পেশাগত জীবন এখন অনিশ্চয়তার মুখে।”
এ বিষয়ে এএনএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. খোন্দকার জাহাঙ্গীর আলম জানান, শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে চলমান শাটডাউনের কারণেই ডিফেন্স স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীদের ক্ষোভের বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
ক্যাম্পাসে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে এনে দ্রুত পরীক্ষা ও ডিফেন্স কার্যক্রম চালু করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
মানবকণ্ঠ/ডিআর




Comments