Image description

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীকে জোর করে পদ্মা নদীর পাড়ে নিয়ে গিয়ে ছুরি ও অস্ত্রের ভয় দেখিয়ে নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক কর্মীর বিরুদ্ধে।

রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থী। অভিযোগে অভিযুক্ত করা হয়েছে সংস্কৃত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী মহসিন আলমকে। ভুক্তভোগী একই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

অভিযোগে বলা হয়, গত ২২ জুলাই থেকে অভিযুক্ত বিভিন্নভাবে ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত ও মানসিকভাবে হয়রানি করে আসছিলেন। একপর্যায়ে তিনি প্রেমের প্রস্তাব দেন। প্রস্তাব প্রত্যাখ্যান করার পরও তিনি চাপ সৃষ্টি করতে থাকেন।

লিখিত অভিযোগ অনুযায়ী, রোববার বিকেলে অভিযুক্ত জোরপূর্বক ওই ছাত্রীকে পদ্মা নদীর পাড়ে নিয়ে গিয়ে আবারও প্রেমের প্রস্তাব দেন। ছাত্রী পুনরায় তা প্রত্যাখ্যান করলে তিনি ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন এবং নিজের কাছে পিস্তল রয়েছে বলেও হুমকি দেন।

ভুক্তভোগীর অভিযোগ, তিনি কান্নাকাটি শুরু করলে অভিযুক্ত তাকে মেসে পৌঁছে দেওয়ার কথা বলেন। তবে পথে রুয়েট এলাকা থেকে আবারও পদ্মা নদীর পাড়ে নিয়ে গিয়ে নদীতে ফেলে দেওয়ার হুমকি দেন। পরে দীর্ঘ সময় পর তাকে মেসে পৌঁছে দেওয়া হয়। এরপর অভিযুক্ত মোবাইল ফোনে আত্মহত্যার কথা বলেন। পাশাপাশি তার এক সহযোগী বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাওয়ার হুমকিও দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত মহসিন আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। অভিযুক্তকে সোমবার দুপুরে ডাকা হয়েছে। তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।