ব্যস্ত ও কোলাহলের ঢাকায় ঈদ মানে এক ভিন্ন চিত্র। রাজধানীর প্রতিটি সড়ক একেবারেই ফাঁকা। চিরচেনা যানজট কিংবা জনজট নেই। এ সময়ে যারা ঢাকায় আছেন, পরিবার পরিজন নিয়ে ঘুরতে বের হয়েছেন নগরীর বিভিন্ন জায়গায়। ঈদের ছুটিতে সরকারি ও বেসরকারি বিভিন্ন বিনোদন কেন্দ্র ছাড়াও খোলা জায়গা, মাঠ, পার্ক, লেক ছিল লোকে লোকারণ্য। একঘেয়েমি দূর করতে ঈদ যেনো এক উপলক্ষ হয়ে এসেছে নগরবাসীর জীবনে।
ঢাকা শহরে বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মিরপুরের চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, শ্যামলী শিশু মেলা, বিজয় সরণীতে বঙ্গবন্ধু নভো থিয়োটার, পুরান ঢাকার লালবাগের কেল্লা, সদরঘাটের আহসান মঞ্জিল, ধানমন্ডি লেক, সংসদ ভবন চত্বর, চন্দ্রিমা উদ্যান, বিমানবাহিনী জাদুঘর ইত্যাদি। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, আফতাব নগর, হাতিরঝিল, মিরপুরের জাতীয় চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেনের মতো এলাকায় ভিড় জমিয়েছেন অগণিত বিনোদনপ্রেমী মানুষ। অনেকে পরিবারের সবাই মিলে, আবার অনেকে বন্ধুবান্ধব নিয়ে দিনভর মেতেছেন আডডা গল্পগুজবে। ঈদের তৃতীয় দিন সোমবারও দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিনোদন কেন্দ্রগুলোতে ছিল উপচেপড়া ভিড়।
ঈদের ছুটিতে দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে অন্যতম দর্শনীয় স্থান জাতীয় চিড়িয়াখানা। শিশুদের বিচিত্র সব প্রাণির সঙ্গে পরিচয় করিয়ে দিতে সকাল থেকেই চিড়িয়াখানায় ভিড় করেন অভিভাবকরা। বাঘ, ভালুক, সিংহ আর জিরাফেই আগ্রহ বেশি শিশুদের। প্রাণি জগতের অজানাকে জানার আগ্রহ থেকে এসেছেন সব বয়সীরা। দর্শনার্থীদের চাপে চিড়িয়াখানার সামনের আধা কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা দিয়েছে। ফুটপাত দিয়ে হেঁটে হাজারো মানুষ চিড়িয়াখানার উদ্দেশে যাচ্ছেন। চিড়িয়াখানার মূল ফটকের সামনেও হাজারো মানুষ। মানুষের ঢল সামাল দিতে চিড়িয়াখানার প্রধান গেটসহ সব গেট খুলে দেওয়া হয়। স্ত্রী ও দুই শিশুসন্তানকে নিয়ে ঘুরতে আসা রফিকুল ইসলাম বলেন, চিড়িয়াখানায় এসে মোটামুটি ভালোই লেগেছে। বাচ্চারা ঘুরতে আসতে চাইছিল, তাই নিয়ে এলাম। তবে ভেতরে অনেক ভিড়। চিড়িয়াখানার পাশে বোটানিক্যাল গার্ডেনেও দর্শনার্থীর সমাগম ছিল।
ঢাকার শ্যামলী এলাকায় ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ডে (সাবেক শিশুমেলা) শত শত শিশু, কিশোর-কিশোরী সেখানকার বিভিন্ন রাইডে চড়ছে। মেরি গো রাউন্ড, চুকচুক ট্রেন, ওয়ান্ডার হুইল, হানিসুইং, সোয়ান অ্যাডভেঞ্চার, বাম্পার কার, টুইস্ট, স্পেস শ্যাটল, মিনি রোলার কোস্টারের মতো রাইডগুলোতে চড়ে উচ্ছ্বসিত দেখা যায় তাদের।
নগর জীবনের ব্যস্ততা ও ক্লান্তিকর জীবনকে চাঙা করতে আলাদাভাবে সময় কাটাতে রমনা পার্ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ছিল মানুষের ঢল। রমনা পার্কে ঘুরতে আসা উজ্জ্বল আহমেদ বলেন, বন্ধুরা মিলে ঘুরতে এসেছি। সাধারণত সময় পাই না। আজকে ছুটির দিন তাই সবাই মিলে এক সঙ্গে বের হলাম।
নতুন সাজে প্রস্তুত করা হয় হাতিরঝিলের চক্রাকার বাস ও ওয়াটার বোট। শিশু, তরুণ-তরুণী, মধ্য বয়স্ক ও বৃদ্ধ সব বয়সী মানুষেরই দেখা মেলে সেখানে। এমন মনোরম পরিবেশে কেউ ঘুরে বেড়ান, আবার অনেকে বসে প্রিয়জনের সঙ্গে সময় কাটান। অনেকে ছোট বোটে করে হাতিরঝিলের পানিতে ঘুরে বেড়ান।
নগরবাসীর স্বপ্নের মেট্রোর ভ্রমণ করতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। রাজধানীসহ আশপাশের এলাকা থেকে অনেকেই পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে ছুটে এসেছেন মেট্রোরেলে ভ্রমনসহ ঈদ আনন্দে উপভোগ করতে। উত্তরার উত্তর মেট্রোরেল স্টেশন এবং আগারগাঁও মেট্রোরেল স্টেশনে দেখা যায় রেলস্টেশনের গেট খোলার আগে থেকে লাইনে দাঁড়িয়ে ভিড় জমান বিভিন্ন বয়সের উৎসাহী রেলযাত্রীরা। স্বপ্নের মেট্রোরেলে চড়তে পেরে চলছিল নানা আলোচনা। প্রথমবারের মতো পরিবার পরিজন নিয়ে মেট্রোরেলে ভ্রমণ করতে আসা পুরান ঢাকা লক্ষ্মীবাজারের হান্নান ঢালী বলেন, মেট্রোরেল চালু হওয়ার পর থেকে শুধু টিভিতে দেখে আসছি, কিন্তু আসা হয়নি। ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে মেট্রোরেলে চড়তে পেরে খুব ভালো লেগেছে।
এছাড়া সায়েদাবাদের ওয়ান্ডারল্যান্ড এবং ঢাকার অদূরে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম, নন্দন পার্ক ও সোনারগাঁয়ের লোক ও কারুশিল্প জাদুঘরে মানুষ পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগের জন্য ভিড় জমিয়েছেন।

