Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারবিষয়ক গণভোটে অংশ নিয়ে ভোট দিয়েছেন ৯৭ বছর বয়সী আবু বক্কর সিদ্দিক। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণে তিনি ঢাকা ৪ আসনের একে হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

এবার ভোটাররা দুটি পৃথক ব্যালট পেপারে ভোট দিচ্ছেন সাদা ব্যালটে সংসদ সদস্যপ্রার্থীদের এবং গোলাপি ব্যালটে গণভোটের জন্য মতামত প্রদান করছেন। সংসদ নির্বাচনের সঙ্গে একযোগে গণভোট অনুষ্ঠিত হওয়া এটি প্রথম ঘটনা।

দীর্ঘ ১৭ বছরে অনুষ্ঠিত তিনটি বিতর্কিত নির্বাচনের পর এবার প্রায় ১৩ কোটি ভোটার নতুন করে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। অতীতের নির্বাচনগুলো নিয়ে নানা সমালোচনা ও ভোটাধিকার বঞ্চনার অভিযোগ থাকলেও এবার ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

প্রবীণ ভোটার আবু বক্কর সিদ্দিকের মতো অনেকেই আগ্রহ নিয়ে কেন্দ্রে আসছেন। তাদের মতে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার এই সুযোগ বিশেষ তাৎপর্যপূর্ণ।

ঢাকা–৪ আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সৈয়দ জয়নুল আবেদীন, বিএনপির তানভীর আহমেদ রবিন এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬২ হাজার ৫০৬ জন।

মানবকণ্ঠ/আরআই