Image description

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৫ এর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মোহাম্মদপুর এলাকায় রাস্তা নির্মাণ ও সংস্কার কাজে গুরুতর অনিয়ম এবং গাফিলতির অভিযোগে তাকে বরখাস্ত করা হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামানের স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বরখাস্ত করা হয়। ডিএনসিসির মুখপাত্র জোবায়ের হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মোহাম্মদপুর এলাকায় চলমান বিভিন্ন উন্নয়ন ও সংস্কার কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি রাস্তার বিভিন্ন স্থানে ফাটল, কাজের নিম্নমান এবং মাটি ধসে পড়াসহ নানা কারিগরি ত্রুটি দেখতে পান। এসময় স্থানীয় বাসিন্দারাও কাজের মান নিয়ে প্রতিমন্ত্রীর কাছে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন।

পরবর্তীতে এই অনিয়মের বিষয়টি খতিয়ে দেখে ডিএনসিসি কর্তৃপক্ষ। আদেশে উল্লেখ করা হয়, দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও অদক্ষতার কারণে ডিএনসিসি কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯-এর সংশ্লিষ্ট উপবিধি অনুযায়ী ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমানের বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর