Image description

রাজধানীর মোহাম্মদপুরে একটি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ অন্তত আটজন দগ্ধ হয়েছেন। সোমবার (২ মার্চ) বিকেলে মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর দগ্ধ আটজনকে উদ্ধার করে বিকেল পৌনে চারটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন—মো. তারেক রহমান (২৩), মো. মনা (৪০), মিরাজ (৩৬), রেহান বাদল (২৩), মো. জনি (৩৫), মো. আকাশ (২৫), মো. আজাদ (৫৫) ও শিশু ইরফান (১১)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোহাম্মদপুর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ অবস্থায় আটজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে ছয়জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। তবে বাকি দুইজনের শরীরের দগ্ধের পরিমাণ বেশি ও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটি হুমায়ুন রোড দিয়ে যাওয়ার সময় হঠাৎ বিকট শব্দে সেটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে গাড়ির ভেতরে ও আশেপাশে থাকা ব্যক্তিরা দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

মানবকণ্ঠ/আরআই