ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক এক শিক্ষার্থীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। শনিবার (৭ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর চাঁনখারপুল মোড় থেকে তাকে আটক করা হয়। এ সময় পুলিশ ভাষণ প্রচার কাজে ব্যবহৃত দুই জোড়া সাউন্ড বক্সও জব্দ করে।
আটককৃত আসিফ আহমেদ বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় দোকানিরা জানান, বিকেল ৩টার পর থেকে চাঁনখারপুল মোড়ে সাউন্ড বক্সের মাধ্যমে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানো হচ্ছিল। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আসিফকে আটক করে এবং সাউন্ড বক্সগুলো থানায় নিয়ে যায়।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, “নিষিদ্ধ ঘোষিত দলের সকল কার্যক্রমই নিষিদ্ধ। সেই প্রেক্ষাপট থেকেই আমরা তাকে আটক করে নিয়ে এসেছি।”
বঙ্গবন্ধুর এই ভাষণ ইউনেসকো স্বীকৃত একটি বৈশ্বিক প্রামাণ্য ঐতিহ্য হওয়া সত্ত্বেও কেন আটক করা হলো—এমন প্রশ্নের জবাবে ওসি ক্ষুব্ধ হয়ে সংবাদকর্মীকে বলেন, “আপনি সাংবাদিক হয়ে আমাকে উল্টাপাল্টা প্রশ্ন করছেন।”
উল্লেখ্য, ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেসকো শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’-এ অন্তর্ভুক্ত করে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়। তবে ৫ আগস্টের পটপরিবর্তনের পর বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এ নিয়ে প্রশাসনের কঠোর অবস্থান লক্ষ্য করা গেল।
মানবকণ্ঠ/ডিআর




Comments