Image description

পটুয়াথালীর বাউফলে মারিয়া আক্তার (১৯) নামে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শনিবার (৭ মার্চ) ভোররাতে উপজেলার দাসপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ঢ়াড়ি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। মারিয়া আক্তার খেজুরবাড়িয়া গ্রামের রিয়াজ আকনের মেয়ে।

প্রায় তিন মাস আগে একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ রাশেদের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তিনি স্বামীর বাড়িতে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, পারিবারিক অভিমানের জেরে মারিয়া আক্তার ফসলের পোকা দমনের বিষ পান করেন।

পরে তাকে দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দিলে সেখানে নেওয়ার পথে অ্যাম্বুল্যান্সেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা রিয়াজ আকন বাদী হয়ে বাউফল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।