Image description

রাজধানীর মতিঝিল এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই মুরগি ব্যবসায়ী। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে বঙ্গভবনের সামনের রাস্তায় একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শেরপুর জেলার নবীনগর থানার সাখাওয়াত হোসেনের ছেলে মো. রিপন (৪৫) এবং শেরপুর সদর উপজেলার বেপারির বাড়ির জমশেদ আলীর ছেলে মো. সুলতান (৫০)।

প্রত্যক্ষদর্শী ও নিহতদের হাসপাতালে নিয়ে আসা মো. শাহিন জানান, ভোর ৪টার দিকে মুরগি ভর্তি একটি ভ্যান বঙ্গভবনের সামনের রাস্তায় ইউটার্ন নিচ্ছিল। ঠিক সে সময় পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা রিপন ও সুলতান ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা পেশায় মুরগি ব্যবসায়ী ছিলেন এবং ব্যবসার কাজে পণ্য নিয়ে যাচ্ছিলেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় বিষয়টি অবহিত করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মানবকণ্ঠ/আরআই