Image description

রাজধানীর বাড্ডায় একটি পুরোনো জরাজীর্ণ সীমানা প্রাচীর ধসে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে উত্তর বাড্ডার ১০ নম্বর লেনে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো—আয়েশা মনি (১০) ও নুসরাত জাহান মরিয়ম (৫)।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, উত্তর বাড্ডার ওই এলাকায় একটি পুরোনো বাড়ি ভেঙে নতুন ভবন নির্মাণের কাজ চলছিল। বাড়ির ভেতরের অংশ ভাঙা হলেও রাস্তার ধারের পুরোনো সীমানা প্রাচীরটি সেভাবেই রাখা হয়েছিল। দেয়ালের ভেতরের দিকে ইট ও বালুর স্তূপ ছিল। দুপুরে আয়েশা ও মরিয়ম ওই দেয়ালের পাশেই রাস্তায় খেলা করছিল। হঠাৎ জরাজীর্ণ প্রাচীরটি তাদের ওপর ধসে পড়ে। পথচারীরা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত আয়েশা মনি স্থানীয় শহীদ তোজো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা মো. ইকবাল হোসেন জানান, তাদের গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলায়। তিন সন্তানের মধ্যে আয়েশা ছিল দ্বিতীয়। একমাত্র মেয়েকে হারিয়ে মা-বাবা এখন দিশেহারা।

অন্যদিকে, মাত্র ৫ বছর বয়সী নুসরাত জাহান মরিয়ম ছিল তার বাবা রাজমিস্ত্রী মো. শরীফের একমাত্র সন্তান। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শালুয়াদি গ্রামে। প্রতিদিনের মতো খেলার সাথী আয়েশার সঙ্গেই সে খেলতে গিয়েছিল, কিন্তু সেই খেলাই তাদের শেষ খেলা হবে তা কেউ কল্পনাও করতে পারেনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। অসাবধানতাবশত পুরোনো দেয়াল রেখে দেওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই ঘটনায় পুরো বাড্ডা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মানবকণ্ঠ/আরআই