Image description

আসন্ন বর্ষা মৌসুমের আগেই রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধনে বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এই লক্ষ্যে শনিবার (১৪ মার্চ) থেকে শুরু হতে যাচ্ছে ‘শনিবারের অঙ্গীকার—বাসাবাড়ি করি পরিষ্কার’ শীর্ষক একটি বিশেষ ক্যাম্পেইন। বৃহস্পতিবার (১২ মার্চ) ডিএনসিসির জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ইনস্টিটিউট অব এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর) এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাম্প্রতিক জরিপ অনুযায়ী ডিএনসিসির ২৫টি ওয়ার্ড এডিস মশার সূচকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এই ওয়ার্ডগুলোকে কেন্দ্র করে মার্চ থেকে মে মাস পর্যন্ত প্রতি শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ৫৩টি ক্যাম্পেইন পরিচালনা করা হবে।

ডিএনসিসির স্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ে এবং কীটতত্ত্ববিদদের উপস্থিতিতে এই অভিযান পরিচালিত হবে। এর আওতায় এডিস মশার সম্ভাব্য জন্মস্থল অর্থাৎ বিভিন্ন পরিত্যক্ত ও অব্যবহৃত পাত্র অপসারণ করা হবে। পাশাপাশি ময়লা-আবর্জনা পরিষ্কার, সচেতনতামূলক র‍্যালি, লিফলেট বিতরণ এবং গণযোগাযোগ কার্যক্রমের মাধ্যমে নগরবাসীকে সচেতন করা হবে।

ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান জানান, প্রতি শনিবার বিশেষ মশক নিধন অভিযান পরিচালনার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। সেই আলোকেই ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি ও চারপাশের পরিবেশ পরিষ্কার রাখতে উৎসাহিত করতে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ একান্ত জরুরি।

সাধারণত বাসাবাড়ি, অফিস বা আঙিনায় পড়ে থাকা পরিত্যক্ত পাত্রে জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা বংশবিস্তার করে। তাই বর্ষায় ডেঙ্গুর প্রকোপ যেন ভয়াবহ রূপ নিতে না পারে, সেই লক্ষ্যেই মশার উৎপত্তিস্থল ধ্বংসে এই আগাম অভিযানে নামছে ডিএনসিসি।

মানবকণ্ঠ/আরআই