Image description

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশনে পৃথক অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৬ মার্চ) দিনব্যাপী পরিচালিত এই অভিযানে ১০০টিরও বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং ১৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা যায়, বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে এই অভিযানগুলো পরিচালিত হয়। সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় অভিযানকালে রাস্তার ওপর গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, কমলাপুর রেলস্টেশনে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে একজনকে তিন মাস, একজনকে ২০ দিন এবং ছয়জনকে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করেন আদালত। বাকি ছয়জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।

সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় পরিচালিত অভিযানে ট্রাফিক শৃঙ্খলা ও অন্যান্য অপরাধের দায়ে ৮টি সিআর মামলা রুজু করা হয় এবং ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ডিএমপি কর্তৃপক্ষ জানায়, ঢাকা মহানগরীতে চুরি, ছিনতাই, মাদক, ইভটিজিং ও অবৈধ দখলের মতো অপরাধ নিয়ন্ত্রণে এই নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এর ফলে ভুক্তভোগীরা দ্রুত সময়ের মধ্যে বিচারিক সেবা পাচ্ছেন এবং জনজীবনে শৃঙ্খলা ফিরছে। এই ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর