পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ সাত দিনের সরকারি ছুটি মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হয়েছে। এই ছুটির সময়ে রাজধানীতে যাতায়াতের অন্যতম জনপ্রিয় মাধ্যম মেট্রোরেল চলাচল করবে কি না, তা নিয়ে সাধারণ মানুষের মাঝে কৌতূহল ছিল। বিষয়টি স্পষ্ট করে আজ জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কেবল ঈদের দিন মেট্রোরেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। ঈদের দিন ছাড়া ছুটির বাকি দিনগুলোতে মেট্রোরেল নিয়মিত সময়সূচি অনুযায়ী চলাচল করবে। ফলে ঘরমুখো মানুষ বা রাজধানীতে অবস্থানকারীরা ঈদের দিন বাদে অন্য সব দিন এই আধুনিক পরিবহন সেবা গ্রহণ করতে পারবেন।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ঈদের ছুটির মধ্যেও যাত্রী চাহিদা বিবেচনায় রেখে ঈদের পরদিন থেকেই নির্ধারিত সময় ও সূচি অনুযায়ী ট্রেন চলবে। উল্লেখ্য, সাধারণত শুক্রবার মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি থাকলেও ঈদের ছুটি ও যাত্রী চাপের বিষয়টি মাথায় রেখে বিশেষ সমন্বয়ের ব্যবস্থা রাখা হয়েছে।
আজ ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি এবং চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ সম্ভাব্য ঈদুল ফিতরকে কেন্দ্র করে এবার সরকারি চাকুরিজীবীরা টানা সাত দিনের ছুটি পেয়েছেন। দীর্ঘ এই ছুটিতে রাজধানী অনেকটা ফাঁকা হয়ে গেলেও যারা ঢাকায় থাকবেন, তাদের যাতায়াত সহজ করতে মেট্রোরেল সচল রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, বাংলাদেশে আগামী শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা বেশি। সেই অনুযায়ী ২১ মার্চ মেট্রোরেল বন্ধ থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে চূড়ান্ত দিনক্ষণ নির্ভর করছে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর।
মানবকণ্ঠ/আরআই




Comments