Image description

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পুরান ঢাকার অসচ্ছল ও নিম্নআয়ের ৩০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সূচনা মেমোরিয়াল ফাউন্ডেশন।

সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যেই এ মানবিক উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচিটির আয়োজন করেন মানবকণ্ঠ পত্রিকার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের চিফ এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান আল বারু মুস্তাকিম নিবিড়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ঈদের আনন্দ সমাজের সব শ্রেণির মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য। এর অংশ হিসেবে পুরান ঢাকার বিভিন্ন এলাকার প্রায় ৩০০টি দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, সয়াবিন তেল, দুধ, চিনি, ঘি, লবণ, বিভিন্ন ধরনের সেমাই, গুঁড়ো দুধ এবং মুরগি—যা দিয়ে পরিবারগুলো ঈদের দিন বিশেষ খাবার প্রস্তুত করতে পারবে।

এ সময় আল বারু মুস্তাকিম নিবিড় বলেন, “সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই আমাদের এই উদ্যোগ সার্থক হবে।”

তিনি আরও জানান, ভবিষ্যতেও সূচনা মেমোরিয়াল ফাউন্ডেশন মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচিতে সংগঠনের সদস্য মুক্তাদির আবির, আঞ্জুম ইসলাম, নিলয় মৃধা, শিহাব আলিফ, রাফা ও মুহাম্মাদ উপস্থিত ছিলেন।